হরতালের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা গতকাল সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। সকালে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মিছিলটি বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য ও কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবার প্রজন্ম চত্বরে গিয়ে শেষ হয়।মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর শাহবাগ থানার সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, জনগণ জামায়াত-শিবিরকে প্রত্যাখ্যান করেছে বলে তারা সহিংসতা ছড়াতে হরতাল ডেকেছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সহিংস এ হরতালকে প্রতিহত করতে গণজাগরণ মঞ্চ দেশব্যাপী একযোগে প্রতিবাদ মিছিল করেছে। পরিস্থিতি বুঝে আবার আগের মতো আন্দোলন শুরু হবে।সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও এই মিছিল-সমাবেশ করা নিয়ে প্রশ্নের জবাবে ইমরান সরকার সাংবাদিকদের বলেন, তাঁরা শান্তিপূর্ণ মিছিল করেছেন। এ ক্ষেত্রে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে।গত ৬ মে পুলিশ গণজাগরণ মঞ্চ ভেঙে দেয়।এদিকে প্রজন্ম চত্বরে হাতবোমা বিস্ফোরণের প্রতিবাদে সন্ধ্যায় প্রতিবাদী মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ। প্রজন্ম চত্বর থেকে বের হওয়া এ মিছিলে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার।মিছিল টিএসসি, দোয়েল চত্বর হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে দিয়ে ঘুরে আবার দোয়েল চত্বর-টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইমরান এইচ সরকার ও ব্লগার আরিফ জেবতিক।ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এটি করা হয়েছে।