হরতালের প্রতিবাদে সোচ্চার গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমমনা ইসলামি দলগুলোর ডাকা গতকাল রোববারের সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে সোচ্চার ছিল চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ। হরতাল প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চ থেকে সকালে বিক্ষোভ করা হয়। এ ছাড়া বিকেলে গণজাগরণ মঞ্চে আগের দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি তোলা হয়। স্লোগান স্লোগানে জামায়াত ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করা হয়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত নিষিদ্ধের দাবিতে নেওয়া হয় গণস্বাক্ষর।সকালে হরতাল চলাকালে গণজাগরণ মঞ্চে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব চত্বর থেকে হরতাল প্রত্যাখ্যান করে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গণজাগরণ মঞ্চে এসে শেষ হয়। এ সময় হরতাল প্রত্যাখ্যান করে নানা স্লোগান দেওয়া হয়।চলে জাগরণের গানও। উদীচী শিল্পীগোষ্ঠীর ‘নোঙর তোল তোল’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ কিংবা ‘ধনধান্য পুষ্পভরা’ ইত্যাদি জাগরণের গানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে আগত লোকজনও। আর স্লোগান ধরেছে: ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ প্রভৃতি।