হরতালের প্রভাব কাঁচাবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের টানা হরতালের প্রভাব পড়েছে চট্টগ্রাম নগরের কাঁচাবাজারগুলোতে। হরতালের কারণে বাজারে সবজির সরবরাহ কম ছিল। ফলে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
গতকাল বুধবার নগরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজি কেজিপ্রতি আট-দশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
রিয়াজউদ্দিন বাজারের সবজি বিক্রেতা আমজাদ আলী বলেন, ‘হরতালে ট্রাক-বাস চলাচলের সুযোগ না থাকায় সবজির সরবরাহ স্বাভাবিক ছিল না। সরবরাহ না থাকায় দাম বেড়ে গেছে। কারণ এ সময় চট্টগ্রাম ও এর আশপাশের এলাকা এবং অন্যান্য জেলা থেকে সবজি নিয়ে কোনো গাড়ি আসেনি। আমরা আশা করি, আবার যানবাহন চলাচল স্বাভাবিক হলে সবজির দাম সবার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।’
গতকাল নগরের কাজীর দেউড়ি বাজারে ফুলকপি বিক্রি হয়েছে ৮০-৮৫ টাকা দরে আর বাঁধাকপি ৭০-৭৫ টাকা কেজিতে। আবু তাহের নামে এক ক্রেতা বলেন, ‘কয়েক দিন আগেও ফুলকপি কিনেছি ৪০-৪৫ টাকা কেজি দরে, আর আজকে কিনতে হলো প্রায় দ্বিগুণ দামে।’
অবশ্য বাজারভেদে সবজির দাম কিছুটা তারতম্য ছিল। নগরের রিয়াজউদ্দিন বাজারে গতকাল ফুলকপি বিক্রি হয়েছে ৪৫-৫০ টাকায় এবং বাঁধাকপি ৩৫-৪০ টাকায়। দুই ধরনের কাঁচা মরিচের মধ্যে বড়টি ৫৫-৫৭ টাকা এবং ছোট আকারের মরিচ বিক্রি হয়েছে ৫০-৫২ টাকা দরে। ধনেপাতা ১২০-১২৫ টাকা, যশোরের শিম ৫০-৫৫ টাকা এবং দেশি শিম ৮০-৮৫ টাকা, বরবটি ৫৫-৬০ টাকা, ঢ্যাঁড়শ ৪৫-৫০ টাকা, টমেটো ৯০-৯৫ টাকা কেজি দরে বিক্রি হয়। পাহাড়তলী কাঁচাবাজারে গিয়ে জানা যায়, হরতালে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন সবজির সরবরাহ কমে গেছে। দোকানি বেলাল হোসেন বলেন, ‘বাজারে আজ বাঁধাকপি নেই। গাড়ি না আসায় সরবরাহ বন্ধ। আমরা এত দিন যশোর থেকে আনা বাঁধাকপি বিক্রি করেছি। অবশ্য সরবরাহ কমে যাওয়ায় বাজারে বিভিন্ন সবজির দাম দুই-তিন আগের তুলনায় আট-দশ টাকা করে বেড়ে গেছে।’