হরতালের প্রভাব কৃষকের খেতে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাষিদের কাছে হরতাল এক আতঙ্কের নাম। হরতালের কথা শুনলেই চাষিদের মুখ কালো হয়ে যায়। ঢাকা থেকে হরতালের ডাক এলেই তার প্রভাব পড়ছে কৃষকের খেতে। এ কারণে কষ্টে ফলানো ফসলের দাম নেমে যাচ্ছে অর্ধেকেরও নিচে।
কৃষকেরা জানান, এ উপজেলার মাটি সবজি চাষের জন্য বিশেষভাবে উপযোগী। এলাকার চাষিরা সারা বছর এখানে সবজির চাষ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু টানা হরতাল, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার কারণে কৃষকেরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন।
টেপাগাড়ী গ্রামের সবজিচাষি মোকামেঞ্চল হোসেন (৪৫) বলেন, হরতাল কৃষকের জন্য এক আতঙ্কের নাম। ঢাকায় বসে নেতারা হরতালের ডাক দিলেই দাম দ্রুত কমতে থাকে। পরে অর্ধেক দামেও আর কৃষক তাঁর ফসল বিক্রি করতে পারেন না।
গড় মহাস্থান গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আবু সালেহ (৪০) বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারেরা মহাস্থানে এসে আগে হরতালের খবর নেন। হরতাল হলে ফসলের এক দাম, না হলে আরেক দাম হাঁকেন তাঁরা। গতকাল শনিবার উপজেলার মহাস্থান হাটে গিয়ে দেখা যায়, টানা হরতালের খবরে কৃষকেরা বিপুল পরিমাণ সবজি নিয়ে হাটে এসেছেন। কিন্তু রোববার থেকে হরতাল, তাই প্রয়োজনীয় পাইকার নেই। ফসল বিক্রি হচ্ছে অনেক কম দামে।
উথলী গ্রামের ফুলকপিচাষি আজমল হোসেন (৫০) জানান, বুধবার প্রতি মণ ফুলকপি ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছে। এ দাম বাড়তির দিকেই ছিল। কিন্তু শুক্রবার বিরোধী দল আবারও হরতাল আহ্বান করায় দাম পড়ে যায়। এখন মাত্র ৩০০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ধোন্দাকোলা গ্রামের মুলাচাষি গোলাম রব্বানী (৩৫) বলেন, বুধবার প্রতি মণ মুলা বিক্রি হয়েছে ৭০০ টাকায়। হরতালের কারণে তা ২০০-৩০০ টাকায় নেমে এসেছে।