হরতালের বিকল্প চায় বিকেএমইএ ও চট্টগ্রাম মেট্রো চেম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতি ও রপ্তানি খাতের স্বার্থে ৩০ নভেম্বরের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন নিট শিল্পমালিকেরা। একই সঙ্গে তাঁরা হরতালের বিকল্প কর্মসূচি খুঁজে বের করতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানিয়েছেন।গতকাল শনিবার বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। হরতালের কারণে নিট পোশাক খাতে সম্ভাব্য ক্ষতিকর প্রভাব জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।একই দাবিতে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামে।বিকেএমইএর ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি (অর্থ) এ এইচ আসলাম, পরিচালক নুরুল আলম চৌধুরী, শফিকুজ্জামান, গোলাম জাকারিয়া ভূঁইয়া, সাইদ হোসেন সরকার ও খন্দকার মোফাজ্জেল উদ্দিন আহমেদ।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত কয়েক বছর হরতাল না থাকায় বাংলাদেশ বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে। নিট পোশাকের রপ্তানিও ক্রমাগতভাবে বাড়ছে। বর্তমানে নিট পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। ২০১২ সালের মধ্যে নিট পোশাক খাতে বছরে এক হাজার কোটি ডলার রপ্তানি হবে। এই বিশাল সম্ভাবনার সময়ে হরতালের মতো কর্মসূচি এই অগ্রযাত্রাকে ব্যাহত করবে।ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বলেন, হরতালের কারণে বিদেশি ক্রেতারা ভীতসন্ত্রস্ত ও শঙ্কিত হয়ে পড়বে। এতে রপ্তানি আদেশ নিয়ে সংকট সৃষ্টি হবে। এর প্রভাব পড়বে দেশের সার্বিক রপ্তানি বাণিজ্য ও অর্থনীতিতে।চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানায়, নগরের আগ্রাবাদে মেট্রোপলিটন চেম্বারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন চেম্বার সভাপতি আবদুচ ছালাম। এ সময় সহসভাপতি সুফী মিজানুর রহমান, পরিচালক নুরুল আলম, আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।আবদুচ ছালাম বলেন, হরতাল হচ্ছে প্রতিবাদের শেষ অস্ত্র। হরতালের আগে প্রতিবাদের ভাষা হিসেবে জনসাধারণকে সম্পৃক্ত করতে সভা, সমাবেশ, মিছিলসহ বিকল্প কর্মসূচি নেওয়া উচিত। কারণ হরতালে দেশের ক্ষতি হয়। সাধারণ জনগণকেই দুর্ভোগ পোহাতে হয়।দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুচ ছালাম বলেন, ভোগ্যপণ্য আমদানি-নির্ভর হওয়ায় দাম বৃদ্ধি যুক্তিযুক্ত হলে মেনে নিতে হবে। তবে অহেতুক দাম বাড়ানোর পেছনে কেউ দায়ী থাকলে তাঁকে শাস্তি দেওয়ার জন্য দেশের প্রচলিত আইন আছে।আবদুচ ছালাম বলেন, গত চার বছরে ভোগ্যপণ্য আমদানি করে পিএইচপি গ্রুপ ২০৪ কোটি টাকা লোকসান দিয়েছে। এ কারণে পিএইচপি গ্রুপ এখন ভোগ্যপণ্য আমদানি থেকে বিরত আছে। কিন্তু বিষয়টি প্রচার হয় না। শুধু দাম বাড়লে প্রচার করা হয় বেশি।