হরতালের বিরুদ্ধে কথা বলার নৈতিক অধিকার তাদের নেই: বিএনপি
হরতালের বিরুদ্ধে কথা বলার নৈতিক অধিকার আওয়ামী লীগ সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন। যুক্তি হিসেবে তিনি বলেছেন, দুটি সংসদে আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে হরতাল দেওয়ার রেকর্ড সৃষ্টি করেছে।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।বিএনপির নেতা নাসিরউদ্দিন আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, হাবিব-উন-নবী খান, সুলতান সালাউদ্দিন ও দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ ডাকা হয়। প্রধান বিচারপতির বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা করে। খন্দকার মোশাররফ বলেন, বিএনপির শাসনামলে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ১৭৩ দিন এবং ২০০১-০৬ আমলে ১৫৩ দিন হরতাল দিয়েছিল তখনকার বিরোধী দল আওয়ামী লীগ। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার প্রথম ২২ মাসে ৮০ দিন হরতাল পালন করেছিল তারা। অথচ বর্তমান সরকারের ২২ মাসের ‘দুঃশাসনের বিরুদ্ধে’ জনগণের দাবি আদায়ের জন্য বিএনপি মাত্র দুটি হরতাল পালন করেছে। ৩০ নভেম্বর আর এক দিনের হরতাল ডাকা হয়েছে। তবে তিনি এ-ও বলেন, এই হরতালই শেষ নয়, ফ্যাসিবাদী সরকারকে যত দিন ক্ষমতাচ্যুত না করা যায়, তত দিন আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।প্রধান বিচারপতির বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠনের কোনো নেতা-কর্মী জড়িত থাকতে পারে না বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, এ ধরনের ন্যক্কারজনক কাজ করার শিক্ষা তারা পায়নি।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতাল সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।