হরতালের বিরুদ্ধে মাঠে থাকবেন সাংসদ বাহাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন এবারও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের বিরুদ্ধে মাঠে থাকবেন।

আগামীকাল মঙ্গলবার সকাল সাতটায় নগরের কান্দিরপাড়ের পূবালী চত্বরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি অবস্থান করবেন। চলতি বছরের ৩ মার্চ থেকে জামায়াত ও বিএনপির ডাকা সব হরতালেই প্রতিবাদ জানাতে তিনি মাঠে থাকছেন। 

সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘হরতাল, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঠে থাকার জন্য বলা হয়েছে। কোনোভাবেই জামায়াত-শিবিরকে নগরে পিকেটিং করতে দেওয়া হবে না। হরতালের বিরুদ্ধে গত মার্চ মাস থেকেই মাঠে আছি। এ কারণে কুমিল্লার মানুষ শান্তিতে আছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। দেশ ও গণতন্ত্রবিরোধী হরতালে সাধারণ মানুষ ও পুলিশের সদস্যরা ক্ষতিগ্রস্ত হন। আমরা মানুষকে সাহস জোগানোর জন্যই রাজপথে থাকি।’

কুমিল্লা নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের পূবালী চত্বরকে কেন্দ্র করেই হরতালের পক্ষে-বিপক্ষে মহড়া হয়। সেখানেই মিছিল, প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। গত ৩ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত টানা তিন দিন জামায়াত হরতাল ডেকেছিল। জামায়াতের ডাকা ওই ৭২ ঘণ্টার হরতাল প্রতিহত করতে সেখানে  থাকেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এর পর থেকে প্রতিটি হরতালে তিনি ও তাঁর অনুসারীরা কান্দিরপাড়ে অবস্থান করেন।