হরতালের বোমায় দগ্ধ আসাদ গাজীও চলে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে আসাদ গাজীর লাশের পাশে স্বজনেরা।
হাসপাতালে আসাদ গাজীর লাশের পাশে স্বজনেরা।

হরতালে সাভারে বোমায় দগ্ধ সিএনজিচালিত অটোরিকশার চালক আসাদ গাজী গতকাল শুক্রবার দিবাগত রাত একটা ২০ মিনিটের দিকে মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক আজ শনিবার প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৪ নভেম্বর হরতাল চলাকালে আসাদ গাজী সাভারে দগ্ধ হন। আশুলিয়ার নয়ারহাট এলাকার পোশাক কারখানা বিশ্বাস সিনথেটিকসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও শ্রমিক হাসানুল হক নবাবপুর থেকে যন্ত্রাংশ কিনে আসাদের অটোরিকশায় করে কারখানায় ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সাভার সেনানিবাসের মুন্সী আব্দুর রউফ ফটকের সামনে তাঁরা বোমা হামলার শিকার হন। বোমার আঘাতে অটোরিকশায় আগুন ধরে গেলে মোস্তাফিজুর, হাসানুল ও চালক আসাদ গাজী আহত হন। তাঁদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরদিন হাসপাতালে মারা যান মোস্তাফিজুর রহমান। হাসানুল এখনো চিকিত্সা নিচ্ছেন বার্ন ইউনিটে। ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যান আসাদ।
আসাদের শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর বাড়ি পটুয়াখালীতে। তিনি ঢাকার যাত্রাবাড়ীর মীর হাজিরবাগে থাকতেন।
গত তিন সপ্তাহে বিরোধী জোটের ১০ দিনের হরতালে বোমা হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় এ পর্যন্ত পাঁচজন মারা গেছেন।

৪ নভেম্বর হরতালের দিন গাজীপুর চৌরাস্তায় একটি কাভার্ড ভ্যানে দেওয়া আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়ে ওই গাড়ির চালকের ছেলে ১৪ বছর বয়সী মনির হোসেন দুদিন পর মারা যায়।

গত ২৬ অক্টোবর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি বাসে আগুন লাগানোর ঘটনায় গুরুতর দগ্ধ পোশাকশ্রমিক নাসিমা বেগম মারা যান ১৪ নভেম্বর।

১০ নভেম্বর রাতে রাজধানীর লক্ষ্মীবাজারে একটি লেগুনা লক্ষ্য করে ছোড়া পেট্রল বোমায় আহত সোনার দোকানের কারিগর মন্টু পাল মারা যান গতকাল।

সাভারে সিএনজিচালিত অটোরিকশায় বোমা হামলায় গুরুতর আহত মোস্তাফিজ মারা যান ৫ নভেম্বর। সবশেষ শুক্রবার দিবাগত রাতে মারা যান ওই ঘটনায় আহত আসাদ গাজী।