হরতালের মধ্যেও বই উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল! রাস্তায় গাড়ি-ঘোড়া কম। কিন্তু কোনো বিদ্যালয়েই শিক্ষার্থী কম ছিল না। উৎসব বলে কথা। গতকাল বৃহস্পতিবার রাজশাহী নগরের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হরতালের মধ্যেও মেতে উঠেছিল বই উৎসবে।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নগরের কলেজিয়েট স্কুলের ফটকে গেটে দাঁড়িয়ে থেকে দেখা যায়, বিদ্যালয় থেকে নতুন বই নিয়ে শিশুরা সবাই একত্রে বের হয়ে যাচ্ছে। সবার মুখে খুশির ঝিলিক। কেউ কেউ বইয়ের পাতার ভাঁজে নাক ডুবিয়ে ঘ্রাণ নিচ্ছে। সে এক মনোমুগ্ধকর দৃশ্য।
মহানগরের বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল নগরের ২৪০টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪০ হাজার সেট নতুন বই বিতরণ করা হয়েছে।
গতকাল সকাল নয়টায় নগরের পিটিআই মাঠে শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহম্মদ মনির হোসেন, রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তুহিনুর আলম।
রাজশাহী পিএন সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাফিসা বিনতে আসিফ জানায়, স্কুল থেকে এর আগে বলা হয়েছিল হরতালের কারণে ৩ জানুয়ারি নতুন বই দেওয়া হবে। ঘোষণা শুনে মন খারাপ হয়েছিল। কিন্তু গতকাল সকালে স্কুলে গিয়ে নতুন বই পেয়ে তার মন ভালো হয়ে গেছে। সে জানায়, হরতাল থাকার পরও বছরের প্রথম দিনে কেউ বিদ্যালয়ে আসতে ভুল করেনি।
রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তথাপি আজাদ জানায়, সকাল থেকে নতুন বই নেওয়ার জন্য স্কুলে গিয়ে বসেছিল। তাদের পালা শুরু হতে হতে বেলা দুইটা বেজে যায়। তার পরও একজন শিক্ষার্থীও বই না নিয়ে বাড়ি ফেরেনি। সে বলে, বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়ার আনন্দই আলাদা।