হরতালের মহড়ায় প্রতারক দারাদ
দীর্ঘদিন পালিয়ে থাকার পর জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের নামে প্রতারণাকারী দারাদ আহমেদ এলাকায় ফিরেছেন। মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে গতকাল বৃহস্পতিবার দুপুরে হরতালের সমর্থনে বিএনপির একাংশের মোটরসাইকেল মহড়ায় তাঁকে দেখা গেছে। তবে বিএনপি বলেছে, তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।দারাদ আহমেদ ‘জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র’ প্রতিষ্ঠার নামে প্রয়াত জাপানি অধ্যাপক কাজুও আজুমা ও তাঁর স্ত্রী কেইকো আজুমার কাছ থেকে প্রতারণা করে ছয় কোটি টাকা হাতিয়ে নেন। এ নিয়ে গত ২৮ জুন প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের নামে প্রতারণা’ শিরোনামে দারাদের বিরুদ্ধে ছবিসহ দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ওই ঘটনার পর পুলিশ বড়লেখার তালিমপুর ইউনিয়নের বাহারপুর গ্রামে দারাদের বাড়িতে কয়েক দফা অভিযান চালায়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। এ ছাড়া মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) ঘটনা তদন্ত করতে গত ৫ জুলাই জেলা পুলিশ সুপারকে (এসপি) একটি চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বিষয়টি তদন্ত করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠায়। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসনও বিষয়টি পৃথকভাবে তদন্ত করে। এসব ঘটনার সময় দারাদ এলাকায় ছিলেন না। প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন পর গতকাল বেলা দেড়টার দিকে বিএনপির একাংশের কিছু নেতা-কর্মী ১০-১৫টি মোটরসাইকেল নিয়ে হরতালের সমর্থনে পৌর শহরে মহড়া দেন। এ সময় দলের ওই অংশের কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুস শহীদ খানের মোটরসাইকেলে ছিলেন দারাদ আহমেদ। বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাফিজ প্রথম আলোকে বলেন, প্রতারণার ঘটনা প্রকাশের পর সর্বসম্মতিক্রমে দারাদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কাজেই তাঁর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। দারাদের প্রতারণা ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল মোমিন খান প্রথম আলোকে বলেন, ‘জাপান থেকে দারাদের টাকা-পয়সা লেনদেনের ব্যাপারে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তবে এখনো তদন্ত চলছে।