ইসলামী আন্দোলন বাংলাদেশ কাল রোববার থেকে ডাকা ৩০ ঘণ্টা হরতালের সমর্থনে গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামে সমাবেশ করেছে। তবে পুলিশ তাদের মিছিল করতে দেয়নি। নগরের আন্দরকিল্লা মোড়ে সমাবেশ চলাকালে সিরাজদৌলা সড়কে দুর্বৃত্তরা একটি বাস ভাঙচুর করে। পরে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। তখন দু-তিনজন পথচারী আহত হন। তবে ওই ভাঙচুরের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্ট নয় বলে দলের নেতারা দাবি করেন।আন্দরকিল্লা শাহি জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর ইসলামী আন্দোলন সড়কের ওপর সমাবেশটি করে। এ সময় পুলিশ তিন দিক থেকে সমাবেশ ঘিরে রাখে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সমাবেশ উপলক্ষে প্রায় ১৫০ জন পুলিশসদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের সরকারের হাতে ইসলাম নিরাপদ নয়। তারা কোরআন ও সুন্নাহবিরোধী নারীনীতি প্রণয়ন করেছে। সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয়টি তুলে দিয়েছে।’সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতারা মাইকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে সমাবেশ কর্মসূচি শেষ করেন।সমাবেশে দলের চট্টগ্রাম নগর সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ইসলাম, জয়নাল আবেদিন প্রমুখ বক্তব্য দেন।