হরতালের সমর্থনে চট্টগ্রামে দুই সংগঠনের মিছিল সমাবেশ
সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে গতকাল রোববার চট্টগ্রাম নগরে মিছিল-সমাবেশ করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। নগরের আন্দরকিল্লা মোড়ে সমাবেশ শেষে এসব সংগঠনের কর্মীরা মিছিল বের করেন।সমাবেশে বক্তারা বলেন, ‘হরতালে বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে। কোরআনবিরোধী নারী নীতিমালা, ফতোয়াবিরোধী রায় ও ধর্মহীন শিক্ষানীতি বাতিল করতে হবে। আল্লার আইনের পরিপন্থী এসব আইন ও নীতিমালা বাতিল না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। হরতালে বাধা দেওয়া হলে সমুচিত জবাব দেওয়া হবে।’সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক মঈনুদ্দিন, মো. আহসানুল্লাহ। সমাবেশ শেষে আন্দরকিল্লা থেকে একটি মিছিল বের করা হয়। প্রেসক্লাবে গিয়ে ওই মিছিল শেষ হয়।আজকের সকাল-সন্ধ্যা হরতালে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড এড়ানোর জন্য হেফাজতে ইসলামের নেতাদের অনুরোধ করেছেন নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ টেলিফোনে বিভিন্ন নেতাকে হরতালে লাঠি মিছিল কিংবা লাঠি নিয়ে পিকেটিং না করার অনুরোধ জানায়।ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের বিষয়টি স্বীকার করেন মঈনুদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘জানমালের ক্ষতি হয় এমন কোনো কাজ না করতে সংগঠনের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। হরতাল আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরাও শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে চাই। লাঠিসোঁটা নিয়ে মিছিল বা পিকেটিং করা আমরাও পছন্দ করি না।’