হরতালের সমর্থনে চট্টগ্রামে বাম দুই সংগঠনের মিছিল
হরতালের সমর্থনে কমিউনিস্ট পার্টি ও বাসদের নেতা-কর্মীরা গতকাল সোমবার চট্টগ্রামে মিছিল ও সমাবেশ করেছেন। জামায়াত-শিবিরের অপরাজনীতি বন্ধ, যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া দ্রুত শেষ করা, তাজরীন ফ্যাশনসে শ্রমিক হত্যাকারীদের বিচার এবং তেল-গ্যাস প্রাকৃতিক সম্পদ রক্ষার দাবিতে সমমনা দুই দল আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা এই হরতালের কর্মসূচি দিয়েছে।হরতালের সমর্থনে কমিউনিস্ট পার্টি ও বাসদের নেতা-কর্মীরা গতকাল সোমবার চট্টগ্রামে মিছিল ও সমাবেশ করেছেন। চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকেলে মিছিলটি বের হয়।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শাহ আলম বলেন, ‘আজকের হরতালে ভাঙচুর বা ভয়ভীতি প্রদর্শন করা হবে না। যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করাসহ বিভিন্ন দাবিতে জনগণকে হরতাল পালনে আহ্বান করছি।’শাহ আলম আরও বলেন, ‘জনগণ এখন জামায়াতের অপরাজনীতির অবসান চায়। স্বাধীনতাবিরোধী এই দলকে নিষিদ্ধ করার দাবিতে জনতাও আজ আমাদের সঙ্গে পথে নামবে বলে আশা করছি। কারণ একাত্তরে এই অপশক্তির কর্মকাণ্ড মানুষ ভোলেনি।’গতকাল বিকেল চারটায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বাসদ ও কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি আন্দরকিল্লা, বাটালি রোড, বিআরটিসি হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক নেতা-কর্মীকে মিছিলে অংশ নিতে দেখা গেছে।বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক মানস নন্দী প্রথম আলোকে জানান, হরতালের সমর্থনে আজ শহরের বিভিন্ন স্থানে দুই দলের ৫০০ কর্মী পিকেটিং করবেন। অ্যাম্বুলেন্স, চিকিৎসাসামগ্রী ও ওষুধের গাড়ি, খাবার ও ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে। এ ছাড়া সড়কে রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল এবং অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।মানস নন্দী আরও বলেন, চট্টগ্রামের অলংকার, আগ্রাবাদ, নিউমার্কেট ও বহদ্দারহাট এলাকায় হরতাল সফল করতে দলের কর্মীরা ভোর থেকেই অবস্থান নেবেন।