হরতালের সমর্থনে চট্টগ্রামে বিএনপির একাংশের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এবং হরতালের সমর্থনে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরে মিছিল-সমাবেশ করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা। বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিন কর্মসূচিতে নেতৃত্ব দেন। দলীয় কার্যালয় নাসিমন ভবনে এই সভা হয়। পরে নাসিমন ভবন থেকে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।আড়িয়ল বিলে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে কাল সোমবার বিএনপি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। হরতালের সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এতে নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী বলে পরিচিত কাউকে দেখা যায়নি।সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, জনগণের আন্দোলনের মুখে কোনো স্বৈরাচারী সরকার বেশি দিন টিকে থাকতে পারে না। আড়িয়ল বিলের মানুষের প্রতিবাদের মুখে সরকার বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছে। রাষ্ট্র পরিচালনায় সরকারের সীমাহীন ব্যর্থতা ও স্বৈরাচারী মনোভাবের কারণে সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা ও উপনির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে মহাজোট সরকারকে মহাবিপদসংকেত দিয়েছে।প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রেখে ক্ষমতার মসনদ রক্ষা করা যাবে না। অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা করুন। নইলে আড়িয়ল বিলের মানুষের মতো সারা দেশের জনগণ গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাবে।’ তিনি দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে পালনের জন্য চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান। সমাবেশের প্রধান বক্তা দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনাকে মিসরের হোসনি মোবারকের ভাগ্য বরণ করতে হবে।বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান, মহানগর বিএনপির নেতা এম এ সবুর, আবদুস সাত্তার, কাজী আকবর, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল হাশেম বক্কর, উত্তর জেলা যুবদলের সভাপতি উদয় কুসুম বড়ুয়া। আওয়ামী লীগ: চট্টগ্রাম নগর আওয়ামী লীগ বিএনপির ডাকা হরতালকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে। দলের নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম গতকাল এক বিবৃতিতে বলেন, সারা দেশে এসএসসি পরীক্ষা চলছে। এ সময় হরতাল সামগ্রিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারে। এ ছাড়া চট্টগ্রামে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে। এ সময় হরতাল ডাকার কোনো যৌক্তিকতা নেই।