হরতালের সমর্থনে চট্টগ্রামে বিএনপির পৃথক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে কাল রোববারের হরতালের সমর্থনে চট্টগ্রাম নগর বিএনপি আলাদা প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল শুক্রবার বিকেলে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তাঁর সমর্থকেরা নাসিমন ভবনে দলীয় কার্যালয় এলাকায় মিছিল সমাবেশ করেন। অন্যদিকে দলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা প্রস্তুতি সভা করেন দোস্ত বিল্ডিং চত্বরে। সভায় নোমান উপস্থিত ছিলেন না। দলীয় সূত্র জানায়, গত ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মন্জুর আলমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে খালেদা জিয়া উভয় পক্ষকে নির্দেশ দেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রার্থী জয়ী হন। নির্বাচনের পর গতকাল আবার বিএনপি আলাদা সমাবেশ করে।গতকাল বিকেলে নাসিমন ভবন চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে সাবেক সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলম, দস্তগীর চৌধুরী, শামসুল আলম, শাহাদাত হোসেন, আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য দেন। পরে একটি মিছিল বের করা হয়। দোস্ত বিল্ডিং চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের নেতা এ এম নাজিম উদ্দীন। এতে অন্যান্যের মধ্যে এম এ সবুর, কাজী আকবর, আবদুস সাত্তার, আবুল হাশেম বক্তব্য দেন।