আজ রোববার থেকে ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের সমর্থনে চট্টগ্রামে মিছিল করেছে বিএনপি। গতকাল শনিবার বিকেলে বৃষ্টির মধ্যে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বর থেকে মিছিলটি বের হয়।
এতে বিএনপির স্থানীয় পর্যায়ের শীর্ষস্থানীয় সব নেতা উপস্থিত ছিলেন। মিছিলের সময় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। গতকাল সন্ধ্যার দিকে নিউমার্কেট এলাকায় একটি যাত্রীবাহী গাড়িতে আগুন দেওয়া হয়।
গতকাল সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছিল। এ কারণে মিছিলে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল খুব কম। বিকেল চারটার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নাসিমন ভবন থেকে মিছিল বের হয়।
মিছিলের পর বক্তারা আজ থেকে টানা ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে বলেন, এই সরকার ক্ষমতায় থাকার সব বৈধতা হারিয়ে ফেলেছে। এখন প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার, যেই সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এই সরকারকে বিতাড়িত করতে হবে।
গতকাল হরতালের সমর্থনে বের করা মিছিলটি কার্যত নেতাদের মিছিলে পরিণত হয়। বৃষ্টির কারণে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল কম। তবে স্থানীয় সব বড় নেতাকে মিছিলে দেখা গেছে। মিছিলে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিলটি নাসিমন ভবন থেকে লাভলেইন মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। এ সময় পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাকসুর সাবেক এজিএস মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্র থেকে হরতাল কর্মসূচির ঘোষণা আসার পর দলীয় কর্মীদের উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সবাই হরতাল সফল করতে মাঠে থাকবে।’
গতকাল সন্ধ্যার দিকে নগরের নিউমার্কেটের অদূরে জলসা সিনেমা হলের কাছে যাত্রীবাহী একটি গাড়িতে আগুন দেয় হরতালের সমর্থকেরা। ভীতি সৃষ্টির জন্য আগুন দেওয়া হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
এদিকে গত শুক্রবার নগরের বিভিন্ন জায়গায় সহিংস ঘটনায় ঘটানোর অভিযোগ পুলিশ কোতোয়ালি, খুলশি, চান্দগাঁও ও বন্দর থানায় চারটি মামলা করেছে পুলিশ। এসব ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। শুক্রবার ১৮-দলীয় জোটের সমাবেশের আগে ও পরে নগরের বিভিন্ন এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খণ্ড খণ্ড মিছিল থেকে এসব হামলা চালানো হয়, যেখানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের মালিকানাধীন একটি বিপণিবিতান ভাঙচুর হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ নম্বর ওয়ার্ড সংগ্রাম কমিটির সমম্বয়ক ও জামায়াত নেতা রুহুল আমীনকে পুলিশ গতকাল সকালে গ্রেপ্তার করেছে। চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির মধ্যেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য দায়িত্ব পালন করেছেন। হরতালের মধ্যে তাঁরা আরও সতর্ক থাকবে, যাতে জান-মালের ক্ষতি সাধন না হয়।’