হরতালের সমর্থনে চট্টগ্রামে ১৮ দলের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের হরতালের সমর্থনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গতকাল রোববার বিকেলে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে।গতকাল বিকেলে মিছিল শুরু হওয়ার আগে নাসিমন ভবনে বিএনপির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেছেন, আওয়ামী লীগ সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। তারা মনোবল হারিয়ে এখন দিশেহারা। একটা ধাক্কা দিলেই সরকার পালানোর জায়গা পাবে না।নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলাম এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বক্তৃতা করেন।নেতা-কর্মীদের ৪৮ ঘণ্টার হরতাল সফল করার আহ্বান জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি আর দলন-পীড়নে এখন সবাই অতিষ্ঠ। সাধারণ মানুষ এখন ভীতসন্ত্রস্ত। গুলি করে পাখির মতো মানুষ মারা হচ্ছে। এ অবস্থায় দেশের মানুষ ভালো থাকতে পারে না। এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।’ আ ন ম শামসুল ইসলাম বলেন, ‘স্বৈরাচারি কায়দায় দেশ চালাচ্ছে আওয়ামী লীগ। স্বাধীনতার পর এমন সরকার দেশের মানুষ দেখেনি। দেখেনি এমন জুলুম-নির্যাতন। প্রধান বিরোধী দল বিএনপির কার্যালয়ে ঢুকে নির্বিচারে গ্রেপ্তার ও ভাঙচুর করে জাতিকে স্তম্ভিত করেছে সরকার। নেতা-কর্মীদের মুক্তি না দিলে প্রয়োজনে লাগাতার হরতাল দেওয়া হবে।’ এর আগে নগরের বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল নিয়ে নেতা-কর্মীরা নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাশাপাশি জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির মিছিল নিয়ে উপস্থিত হয়। জামায়াতের মিছিল থেকে সাঈদীর মুক্তি দাবি ও ইসলামি বিপ্লবের স্লোগান দেওয়া হয়। এ ছাড়া নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন পৃথক মিছিল বের করেন।