হরতালের সমর্থনে বিএনপির ভাঙচুর
আজ সোমবারের হরতালের সমর্থনে গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর করেছে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ছয়জনকে আটক করে। গতকাল নগরের কাজীর দেউড়ি ও হাটহাজারী এলাকায় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করে। কাজীর দেউড়িতে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতের কর্মীদের সংঘর্ষ হয়। পুলিশের তাড়া খেয়ে সাত-আটজন যুবক কাজীর দেউড়ি মোড় থেকে আসকারদীঘি আসার পথে কর্ণফুলী ভবনের নিচে ‘সময়’ টিভির একটি মাইক্রোবাস ভাঙচুর করেন। হরতালের সমর্থনে হাটহাজারী উপজেলার ২ নম্বর গেট এলাকায় একদল যুবক সাত-আটটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করে দুজনকে পিটিয়ে জখম করেন। ঘটনাস্থল থেকে হাটহাজারী থানার পুলিশ চারজনকে আটক করেছে। তাঁরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।