হরতালের সমর্থনে মিছিল পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সমমনা ১১টি ইসলামি দলের ডাকা ৩০ ঘণ্টা হরতালের সমর্থনে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে মিছিল বের করা হলে পুলিশ লাঠিপেটা ও জলকামান নিক্ষেপ করে তা ছত্রভঙ্গ করে দেয়। জবাবে মিছিলকারীরাও পুলিশের ওপর চড়াও হয়। এ সময় বরিশাল, খুলনা, নোয়াখালী ও বরগুনায় পুলিশসহ অন্তত ৩৬ জন আহত হয়েছে। আটক করা হয়েছে কমপক্ষে ৬০ জনকে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: নগরের অশ্বিনীকুমার হল চত্বর ও সদর রোড এলাকায় গতকাল বিকেলে চরমোনাইয়ের পীরের অনুসারী ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা একটি মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের শুরুতে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২২ জনকে আটক করেছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, আহত পুলিশ কনস্টেবল মো. শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা: খুলনা নিউমার্কেটের পাশে বাইতুন নুর জামে মসজিদ থেকে গতকাল বিকেলে একটি মিছিল বের করা হয়। মিছিলটি যশোর সড়ক ধরে সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে ফেরত এসে শিববাড়ি মোড়ে পৌঁছালে পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়ে এবং লাঠিপেটা শুরু করে। এতে বেশ কয়েকজন আহত হয়। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ইসলামী আন্দোলনের নগর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানসহ ৩০ জনকে আটক করে। খুলনার সোনাডাঙ্গা থানার ওসি শওকত হোসেন বলেন, মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ শুরু করলে সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।নোয়াখালী: ইসলামী আন্দোলনের দুই শতাধিক কর্মী মাইজদী বাজার এলাকা থেকে একটি মিছিল নিয়ে বিকেলে জেলা শহরে ঢোকে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০ জন আহত হয়। স্থানীয় বিভিন্ন ক্লিনিকে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ছয়জনকে আটক করে।বরগুনা ও আমতলী: ইসলামী আন্দোলনের আমতলী উপজেলা শাখার সভাপতি শাহ আলম তালুকদারের নেতৃত্বে বিকেল পৌনে ছয়টার দিকে একটি মিছিল বের হয়। মিছিলটি একে স্কুল মোড়ে পৌঁছালে কয়েকজন পুলিশ-সদস্য তাদের বাধা দেয়। এ সময় মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। আত্মরক্ষার্থে সবাই দৌড়ে অন্যত্র চলে গেলেও কনস্টেবল আবুল হোসেন মিছিলকারীদের মারধরের শিকার হন। এতে তাঁর মাথা জখম হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।নাটোর: হরতালের সমর্থনে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় শহরের মুসলিম ইনস্টিটিউটের সামনে মাইকিং করছিলেন। এ সময় পুলিশ গিয়ে তাঁকে আটক করে।