বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতালের সমর্থনে গতকাল মঙ্গলবার ময়মনসিংহে মিছিল হয়েছে। মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ এবং যানবাহন ভাঙচুর করা হয়। অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করেছে বিএনপি ও আওয়ামী লীগ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।ময়মনসিংহ: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮-দলীয় জোটের আজ বুধবার ও কাল বৃহস্পতিবারের হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় শহরের শ্যামাচরণ রায় রোডে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা স্কুল মোড়ে পৌঁছানোর পর মিছিলকারীরা পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ধাওয়া দিলে ও কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় তারা জেলা স্কুল মোড়ে তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাঙচুর করে।গাইবান্ধা: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দগঞ্জ উপজেলা শহরে গতকাল হরতালের পক্ষে ও বিপক্ষে মিছিল বের করেন স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। উপজেলা বিএনপির মিছিলটি বেলা পাঁচটার দিকে উপজেলা শহরের থানা মোড়ে দলীয় কার্যালয় থেকে বের হয়। মিছিলটি চৌমাথা মোড়ে বিপরীত দিক থেকে আসা আওয়ামী লীগের হরতালবিরোধী একটি মিছিলের মুখে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগান থেকে ১২টি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার সময় ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচাল শুরু হয়।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।