প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত চক্র পরীক্ষার সময় আত্মঘাতী কর্মকাণ্ডে লিপ্ত না হলে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আরও ভালো হতো। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ১০টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তরকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় বিএনপি-জামায়াত চক্র হরতাল ও অবরোধ ডেকে মানুষ পুড়িয়ে হত্যা, অগ্নিসংযোগ এবং সরকারি-বেসরকারি সম্পত্তি ধ্বংসের মতো নৃশংস অপরাধে জড়িত ছিল।
পরীক্ষার সময় বিএনপি-জামায়াতের লাগাতার হরতাল ও অবরোধের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সে সময় বাংলাদেশে বড় ধরনের সমস্যা চলছিল, যা ছিল মানব সৃষ্ট সমস্যা। বিএনপি-জামায়াত পরীক্ষা শুরুর আগে হরতাল দিয়েছিল। কিন্তু পরীক্ষা যখন শুরু হলো, তখন তারা হরতালের সঙ্গে অবরোধ কর্মসূচিও ঘোষণা করল। এরপর তারা তথাকথিত আন্দোলনের নামে গাড়ি জ্বালিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা শুরু করল।
প্রধানমন্ত্রী বলেন, এটা তারাই করেছে, যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়, শিক্ষার কণ্ঠরোধ করতে চায় এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়। এটা তাদেরই চক্রান্ত ছিল, যারা ক্ষমতায় থাকার সময় মানুষের ওপর অত্যাচার-জুলুম করেছে, দুর্নীতি ও লুটপাট করে বিদেশে টাকা পাঠিয়েছে।
কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া ও দেওয়া খুবই কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। কিন্তু আমাদের ছেলেমেয়েরা এসব বাধা অতিক্রম করে পরীক্ষা দিয়েছে এবং সফল হয়েছে—এটি এক বিরাট সাফল্য।’
শিক্ষা খাতের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের অনুসরণে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলা। শিশুদের লেখাপড়ায় আগ্রহী করা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষিত সমাজ গড়ে তোলাও আমাদের লক্ষ্য। এ জন্য স্নাতক পর্যায় পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করা হয়েছে এবং মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।’
পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনা ও পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
শিক্ষাসচিব নজরুল ইসলাম খান অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ১০ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।