হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি
সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা গতকাল শনিবার মানববন্ধন ও সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে। তারা আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া এসএসসি ও দাখিল পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে এবং অবরোধ-হরতালের প্রতিবাদে এসব কর্মসূচি পালন করে। কোনো কোনো স্থানে শিক্ষকেরাও মানববন্ধনে অংশ নেন।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভৈরব (কিশোরগঞ্জ): ‘হরতাল-অবরোধ নয়, সময়মতো পরীক্ষা দিতে চাই’, ‘নাশকতা বন্ধ করো, দেশ বাঁচাও, শিক্ষা বাঁচাও’ এমন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা। ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা হওয়ার দাবিতে সকালে সদর, কুলিয়ারচর ও পাকুন্দিয়ায় এ কর্মসূচি পালিত হয়। এতে পরীক্ষার্থীরা ছাড়া শিক্ষকেরাও অংশ নেন। এ সময় পরীক্ষার্থীরা হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি জানায়।
কুলিয়ারচর মুছা মিয়া উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী তমা আক্তার বলে, ‘পরীক্ষা দিতে কেন্দ্রে যাব ভেবে রেখেছি। কোনো কারণে সময়মতো পরীক্ষা শুরু না হলে মনটা ভেঙে যাবে। একই বিদ্যালয়ের মানবিকের পরীক্ষার্থী শান্তা আক্তারের চাওয়া, শিক্ষাকে বাঁচিয়ে রাখতে হরতাল-অবরোধ প্রত্যাহার করা হোক।
ময়মনসিংহ: দুপুরে শহরের গাঙ্গিনারপার এলাকায় মানববন্ধন হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, অন্যান্য শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকেরা আসন্ন এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে রাজনৈতিক দলগুলোকে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান। ঈশ্বরগঞ্জের বিশ্বেশ্বরী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিম উদ্দিন জানান, দুপুরে এসএসসি পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সভা হয়। সভায় অংশগ্রহণকারী শিক্ষকেরা হরতাল ও অবরোধ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন।
সখীপুর (টাঙ্গাইল): এসএসসি পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধ কর্মসূচি না দেওয়ার দাবিতে সখীপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকালে সখীপুর মোখতার ফোয়ারা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাজাহান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।
কুমিল্লা: শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে গতকাল নগরে মানববন্ধন করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখা। বেলা আড়াইটায় নগরের কান্দিরপাড় টাউন হলের সামনের সড়কে ওই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, সমিতির জেলার সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামসহ কুমিল্লার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।
শেরপুর: হরতাল, অবরোধ, সন্ত্রাস ও নকলমুক্ত পরিবেশে যথাসময়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের মাধবপুর এলাকায় অবস্থিত শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী এবং এলাকাবাসী অংশ নেন। একই দাবিতে ঝিনাইগাতী সদরের হাজী অছি-আমরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়।
এসএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম, আফসানা আক্তার, রোকসানা স্বর্ণা, সমরজিত রায়সহ আরও অনেকে জানায়, তারা রাজনৈতিক দলের কর্মসূচির কাছে শিক্ষাজীবন নষ্ট হতে দিতে চায় না। তাই তারা পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধের মতো কর্মসূচি থেকে বিরত থাকার আবেদন জানায়।