হরতাল-অবরোধে চট্টগ্রামে কমেছে মামলা দায়ের
২০-দলীয় জোটের ডাকা চলমান হরতাল-অবরোধে চট্টগ্রামে আদালতে ও থানায় মামলা দায়েরের সংখ্যা কমে গেছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, হরতাল-অবরোধের কারণে দূরদূরান্ত থেকে মক্কেলরা আসতে পারেন না। ফলে বেশি প্রয়োজন না হলে কেউ মামলা করছেন না। চট্টগ্রামে হরতালে আদালতে কোনো মামলার শুনানি হয় না। নতুন করে কোনো মামলা দায়ের না হওয়া এবং পুরোনো মামলায় বাদী-বিবাদীরা না আসায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আইনজীবীরা।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার জানান, হরতাল-অবরোধে থানায় নিয়মিত মামলা দায়েরের সংখ্যা কমে গেছে।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ডিসেম্বর মাসে নগরের ১৬টি থানায় মামলা হয়েছিল ৪৬৩টি। জানুয়ারি মাসে তা কমে দাঁড়ায় ৩৭২টিতে। জেলার ১৬ থানায় গত মাসে হয়েছে ৩৩০টি। ডিসেম্বরে মামলা হয়েছিল ৪১০টি। হরতাল-অবরোধের কারণে বেশি প্রয়োজন না হলে লোকজন থানায় আসছেন না।
নগরের শুলকবহর এলাকার প্রবাসী মো. রাশেদ বলেন, ‘এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিলেও পরিস্থিতি চিন্তা করে মামলা করছি না। পরিস্থিতি কিছুটা শান্ত হলে থানায় যোগাযোগ করব।’
রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার বাসিন্দা মো. সোলায়মান বলেন, ‘আদালতে মামলা দায়ের করতে হলে ৪০ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। কিন্তু নিরাপদে যেতে পারব কি না, সেই শঙ্কায় যাচ্ছি না। দেরি হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হব। কিন্তু মামলার চেয়ে প্রাণের মায়া বেশি।’
নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, কেউ মামলা করতে এলে তা রেকর্ড করা পুলিশের দায়িত্ব। কাউকে পুলিশ ফিরিয়ে দিচ্ছে না।
থানার মতো চট্টগ্রাম মহানগর ও বিচারিক হাকিম আদালতেও মামলা দায়েরের সংখ্যা কমে গেছে। ডিসেম্বর মাসে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলা হয় ২ হাজার ৩১২টি। আর জানুয়ারি মাসে মামলা হয়েছে ১ হাজার ৮২০টি। ১২টি বিচারিক হাকিম আদালতে ডিসেম্বর মাসে মামলা হয়েছে ৭৯৭টি। গত মাসে হয়েছে ৫৫০। এ ছাড়া চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজ আদালতে মিস মামলা দায়েরের সংখ্যাও গত মাসে তুলনামূলকভাবে কম ছিল।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, পুলিশের পক্ষ থেকে রাস্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।