হরতাল-অবরোধে লোকসানে কুলচাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতাল-অবরোধের কারণে কুল বাজারজাত করতে পারছেন না নীলফামারী জেলার চাষিরা। এতে বাগানের কুল বাগানেই পচে নষ্ট হয়ে যাওয়ায় লোকসান হচ্ছে কুলচাষিদের।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামে লিনা ফ্রুড গার্ডেন নামের একটি বাগানে গিয়ে দেখা যায়, গাছের কুল পেকে ও পচে মাটিতে পড়ে আছে।
এ সময় কথা হয় বাগানের ব্যবস্থাপক মীর মকছেদুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, তাঁদের বাগানে বাউকুল, আপেল কুল, নারকেল কুল ও থাইকুলের ২ হাজার ২০০ গাছ আছে। এ বছর কুল বাজারজাতকরণের সময় থেকে হরতাল ও অবরোধ শুরু হয়। এতে বাইরের ব্যবসায়ীরা কুল নিতে আসছেন না। তাঁরাও সেভাবে পাঠাতে পারছেন না। ফলে লোকসান গুনতে হচ্ছে। এর আগে এখান থেকে রংপুরে পিকআপে করে কুল পাঠাতে ভাড়া লাগত ৮০০-৯০০ টাকা। এখন লাগছে ২ থেকে ৩ হাজার টাকা।
তিনি আরও বলেন, গত বছর যে কুল প্রতি মণ ১ হাজার থেকে শুরু করে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে, সেগুলো এবার ২০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। তার পরও ব্যবসায়ীরা আসছেন না। এ বছর এখন পর্যন্ত স্থানীয় বাজারে ৪ লাখ ৫০ হাজার টাকার কুল বিক্রি হয়েছে। আগে স্বাভাবিক সময়ে তাঁরা ২৫-২৬ লাখ টাকার কুল বিক্রি করতেন।
বাগানের মালিক লিনা লায়লা আক্তার বলেন, এই বাগানে সারা বছর ১০ জন শ্রমিক কাজ করেন এবং বাগানে ফল আসার পর প্রায় তিন মাস ৪০ থেকে ৪৫ জন শ্রমিক কাজ করেন। এ বছর টানা হরতাল-অবরোধের কারণে বাগানের পরিচর্যার খরচও উঠবে না।
একই উপজেলার চাওড়াডাঙ্গি গ্রামের আমিন অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক সাব্বির হাসান বলেন, হরতাল-অবরোধের কারণে এখন শ্রমিকদের বেতন দিতে পারাটাই কঠিন হয়ে যাচ্ছে। কয়েক বছর আগে নিপাহ ভাইরাসের কারণে তাঁর বাগানের ক্ষতিগ্রস্ত অনেক গাছ কেটে ফেলতে হয়েছে। সেই ক্ষতিই এখনো পোষানো যায়নি।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ইদ্রিস আলী বলেন, জেলায় ১৩৯ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। প্রতি হেক্টরে সাড়ে চার টন হিসেবে ৬২৫ মেট্রিক টন কুল উৎপাদন হয়েছে। ট্রাকভাড়া বেশি হওয়ার কারণে কিছুটা ক্ষতি হচ্ছে।