হরতাল-অবরোধ শুরু হওয়ার পর লালমনিরহাট-বুড়িমারী রেলপথের ট্রেনগুলোর আয় বেড়েছে। গত এক মাসে টিকিট বিক্রি করে প্রায় ২৩ লাখ টাকা বেশি আয় হয়েছে। সহিংসতার আশঙ্কায় যাত্রীরা বাসের পরিবর্তে ট্রেনে যাতায়াত করছেন। এ কারণে রেলওয়ের আয় বেড়ে গেছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট অবরোধ শুরু করে। পরে অবরোধের সঙ্গে যোগ হয় হরতাল কর্মসূচি। হরতাল-অবরোধের সময় রেলপথে নাশকতা হওয়ার আশঙ্কায় এই পথের ৮৪ কিলোমিটারের ৪৮টি স্থানে গত ১২ জানুয়ারি থেকে ৩৮৪ জন আনসার ও ভিডিপি সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। পথটি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রেলওয়ে সেতুর পশ্চিম দিক থেকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী পর্যন্ত বিস্তৃত।
লালমনিরহাট রেলস্টেশনের স্টেশনমাস্টার (ভারপ্রাপ্ত) আকবর আলী বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে চারটি ট্রেন বুড়িমারীর উদ্দেশে লালমনিরহাট রেলস্টেশন থেকে যাত্রা করে। এগুলো হচ্ছে সকাল ৮টায় ৬৫ আপ কমিউটার ট্রেন, বেলা ৩টায় ৭১ কমিউটার ট্রেন, সন্ধ্যা ৭টায় ৪৫৫ আপ লোকাল ট্রেন এবং রাত সাড়ে ৮টায় ৭১৩ করতোয়া আপ ট্রেন। এই চারটি ট্রেনের বিপরীতে আরও চারটি ট্রেন প্রতিদিন বুড়িমারী থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসে।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় পরিবহন তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, এ রেলপথে গত ডিসেম্বর মাসের চেয়ে জানুয়ারি মাসে ৭ হাজার ৩৯ জন যাত্রী বেশি চলাচল করেছেন। যাত্রীরা বর্তমানে সড়কপথের চেয়ে রেলপথে চলাচলকে অধিক নিরাপদ ও সাশ্রয়ী বলে বিবেচনা করছেন।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ডিসেম্বর মাসে এ পথের ৪৫ হাজার ২৪ জন যাত্রীর কাছে টিকিট বিক্রি করে ২৬ লাখ ৮ হাজার ৩৫৯ টাকা পাওয়া গেছে। জানুয়ারি মাসে এই পথে ৫২ হাজার ৬৭ জন যাত্রীর কাছে টিকিট বিক্রি করে ৪৯ লাখ ২ হাজার ৩২৭ টাকা পাওয়া গেছে।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ১২ জানুয়ারি থেকে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের ৪৮টি পয়েন্টে তিন পালায় নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য ৩৮৪ জন আনসার ও ভিডিপি সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের সতর্ক পাহারা থাকায় নাশকতামূলক কোনো ঘটনা ঘটেনি।