হরলিক্স-কিশোর আলোর স্বপ্নের গল্প প্রতিযোগিতা

তোমার স্বপ্নের গল্প এবার জানবে সবাই। স্বপ্নের কথা ছাপা হবে কিশোর আলোয়। সেই সঙ্গে সিঙ্গাপুরের ইউনিভার্সেল স্টুডিও ঘোরাসহ হাজারো পুরস্কার জেতার এই সুযোগ করে দিচ্ছে হরলিক্স ও মাসিক কিশোর পত্রিকা কিশোর আলো।
‘হরলিক্স-কিশোর আলো স্বপ্নের গল্প’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজনের ব্যাপারে একটি চুক্তি সই হয়েছে গত সোমবার। প্রথম আলো কার্যালয়ে এই চুক্তিতে সই করেন জিএসকে বাংলাদেশ লিমিটেডের বিপণন পরিচালক সৌমেন্দ্র এস দাস ও কিশোর আলো সম্পাদক আনিসুল হক। এ সময় উপস্থিত ছিলেন জিএসকে বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার ইকবাল মেনন, বিপণন ব্যবস্থাপক নুসরাত জাহান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন অরূপ কুমার ঘোষ ও কিশোর আলোর নির্বাহী সম্পাদক সিমু নাসের।
তোমার গল্প লিখে কিংবা এঁকে পাঠাও
পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় দুটি বিভাগ আছে; গল্প লেখা ও ছবি আঁকা। স্বপ্নের গল্প লিখে কিংবা এঁকে এর সঙ্গে হরলিক্সের জারের গায়ের মোড়কটিসহ কিশোর আলোর ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি পাঠিয়ে দিতে হবে ১৫ মার্চের মধ্যে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে দুই হাজার ৫২০ জনকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে শীর্ষ দুজন তাদের একজন করে অভিভাবকসহ সিঙ্গাপুরের ইউনিভার্সেল স্টুডিও ঘুরে আসার সুযোগ পাবে। ২০ জনের গল্প ও ছবি ছাপা হবে কিশোর আলোয়। এক হাজার অংশগ্রহণকারী পাবে এক বছরের হরলিক্স। আরও এক হাজার ৫০০ জন পাবে প্রিয় লেখকের বই। আর বিজয়ী সবার জন্য থাকছে সনদ। লেখা ও আঁকা পাঠানোর ঠিকানা: স্বপ্নের গল্প, কিশোর আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।