হরিজন কলোনিতে ভোট চাইতেও যান না প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিজন কলোনিতে মেয়র প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীই গতকাল রোববার পর্যন্ত ভোট চাইতে যাননি। কলোনির বাসিন্দাদের অভিযোগ, ভোট যায়, ভোট আসে। কিন্তু তাঁদের কোনো উন্নয়ন হয় না।
শহরের প্রাণকেন্দ্র বালুবাগান এলাকায় অবস্থিত হরিজন কলোনি। এটি ‘মেথর পাড়া’ হিসেবেই পরিচিত। ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০ মানুষ এখানকার বাসিন্দা। বড়দের অধিকাংশই পরিচ্ছন্নতাকর্মী। গাদাগাদি করে অপরিচ্ছন্ন পরিবেশেই বসবাস করতে হয় তাঁদের। পানি ও পয়োনিষ্কাশনের হালও করুণ।
১৯৯২ সালের দিকে ইটের দেয়ালের ওপর টিনের ছাউনির ১৪টি ঘর করে ১৪টি পরিবারকে বসবাস করতে দেওয়া হয়। আর ব্রিটিশ আমলে তৈরি করা ঘর ছিল চারটি। এখন পরিবারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০টিতে। আগের ঘরগুলোও হয়েছে জরাজীর্ণ। প্রয়োজনের তাগিদে সৃষ্টি হয়েছে অল্প পরিসরে অনেক কুঁড়েঘর। তাতেই গাদাগাদি করে মানবেতরভাবে বসবাস করছেন তাঁরা।
কলোনির বাসিন্দা দুখু জমাদার (৬৫) বলেন, ‘চার ছেলেরই বিহা দিয়্যাছি। ছয় নাতি-পুতি থাকার জাগা হয় না। হামরা বুড়া-বুড়ি (স্বামী-স্ত্রী) বারান্দায় ঘুমাই। শীতের দিন ঠান্ডায় শরীল হিম হয়্যা যায়।’
কথা হয় এ কলোনির পোল্লাদ ভগত (৬০), তিলক জমাদার (৭০), মন্টু জমাদার (৫৫) পুতুল জমাদারসহ (৬০) ১০-১২ জনের সঙ্গে। তাঁরা জানান, বৃষ্টির পানিতে ডুবে যায় কলোনি। কোনো পরিবারেই আলাদা করে নেই কোনো শৌচাগার। পাঁচটি গণশৌচাগারের মধ্যে দুটি পরিত্যক্ত। সমস্যা আছে পানি নিয়েও। পৌরসভার সরবরাহ করা পানির লাইনের একটি মাত্র কল (ট্যাপ) এখানে। পানি নিতে দাঁড়াতে হয় দীর্ঘ সারিতে। আর পানি নেওয়াকে কেন্দ্র করে ঝগড়া এখানে নিত্যদিনের ঘটনা।
এখানকার বাসিন্দারা জানান, কাউন্সিলর প্রার্থীরা এলাকাটিতে মাঝে মাঝে ঢুঁ মারলেও মেয়র বা সাংসদ প্রার্থীরা আসেন না বললেই চলে।
বাসিন্দারা আরও বলেন, পৌরসভাসহ বিভিন্ন স্থান থেকে কর্মসংস্থানও সংকুচিত হয়ে গেছে তাঁদের। বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীর পদে তাঁদের বদলে অন্য সম্প্রদায়ের লোক নিয়োগ করা হচ্ছে। এ নিয়ে দারুণ হতাশাও কাজ করছে তাঁদের মধ্যে।
বাসিন্দারা জানান, তাঁদের এই কলোনি থেকে উচ্ছেদ করে পৌর এলাকার বাইরে ১০ কিলোমিটার দূরে পুনর্বাসন করার কথা বলা হয় পৌরসভার পক্ষ থেকে। এ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। কেননা দূর থেকে সময়মতো কাজ করার উপায় থাকবে না।