সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের চূড়ান্ত তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কোটা অনুযায়ী, হরিজন সম্প্রদায়ের শতকরা ৮০ ভাগ নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। ১৫ জনের মধ্যে হরিজন সম্প্রদায়ের মাত্র ৩ জনের ঠাঁই হয়েছে।
হাসপাতাল সূত্র ও হরিজন সম্প্রদায়ের লোকজনের সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে চুক্তিতে হাসপাতালটিতে ঠিকাদারের মাধ্যমে ১০ জন নিরাপত্তাকর্মী এবং ১৫ জন করে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়। চলতি অর্থবছরে পরিচ্ছন্নতাকর্মী ১৫ জনের মধ্যে হরিজন (সুইপার) সম্প্রদায়ের মাত্র ৩ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছে। কিন্তু বিধি মোতাবেক, প্রতি অর্থবছর শেষে নতুন করে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ক্ষেত্রে শতকরা ৮০ ভাগ হরিজনের কোটা নির্ধারিত রয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এই নিয়ম মানছে না।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, নিয়োগের জন্য চূড়ান্ত তালিকা করে তা অনুমোদনের জন্য ঢাকায় মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। বেশির ভাগ নিয়োগ দেওয়া হয়েছে দলীয় বিবেচনায় ও অর্থের বিনিময়ে। এভাবে নিয়োগ পাওয়ায় বর্তমানে কাগজে-কলমে হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর পদ ১৫ জন থাকলেও কাজের সময় একজনও নেই।
হরিজন সম্প্রদায়ের কমলা রানী ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর স্বামী দিলীপ কুমার এই হাসপাতালেই কাজ করতেন। তিনি মারা গেছেন। কমলা ১৫ বছর ধরে এই হাসপাতালেই কাজ করছেন। কিন্তু যখনই নিয়োগের বিষয় আসে, তখনই নিয়ম ভাঙা হয়। এভাবে চলতে থাকলে তাঁদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কাজের (আউটসোর্সিং) ঠিকাদার মোদাচ্ছের রহমান বলেন, কয়েক বছর ধরে এ নিয়মেই চলছে। এবারও এর ব্যত্যয় ঘটেনি। তবে দু-একটি অভিযোগ উঠেছে, এ বিষয়ে সিভিল সার্জনের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন শেখ মোহাম্মাদ মনজুর রহমান বলেন, ‘আমি এখানে যোগদানের আগে এই তালিকা চূড়ান্ত করা হয়। তবে অভিযোগ পাওয়ার পর কোটার বিষয়টি নিয়ে ঠিকাদারসহ অন্যদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’