হরিজন পল্লিতে আগুন, পুড়ে গেছে ১০টি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেল কলোনির হরিজন পল্লিতে আগুনে ১০টি বাড়ি পুড়ে গেছে। তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, দুর্বৃত্তরা এ আগুন দিয়েছে। এ ঘটনায় একজন আটক করেছে পুলিশ।

ক্ষতিগ্রস্তরা হলেন সোহেল বাঁশফোড় , জুয়েল বাঁশফোড়, রয়েল বাঁশফোড়, জীবনলাল বাঁশফোড়, জুনারদিয়া বাঁশফোড়, লাকী রানী বাঁশফোড়, মেয়ালাল বাঁশফোড় , নিশিকান্ত মিস্ত্রি, বিমল চন্দ্র সূত্রধর এবং বিষ্ণু চন্দ্র রায় ।

ক্ষতিগ্রস্তরা জানান, রাতে ঘুমের মধ্যে হঠাৎ পল্লিতে আগুন লাগে। এ সময় কোনো রকমে সবাই যার যার ঘর থেকে বেরিয়ে আসে। তাই কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ঘরের সব আসবাব ও মূল্যবান সামগ্রী পুড়ে গেছে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল হক প্রধান জানান, ঘটনার সঙ্গে জড়িত দাবি করে এলাকাবাসী মো. জুয়েল (২০) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে। জুয়েলের বাবা মো. আইয়ুব আলী (৪৫) সেতাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তাঁর নামে একাধিক মামলা রয়েছে। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও স্থানীয় দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। কিন্তু তারা যাওয়ার আগেই সব পুড়ে যায়।

এদিকে জুয়েল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিলাব্রত কর্মকার প্রথম আলোকে বলেন, মোট ১০টি পরিবারের ৪৭জন সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিবার প্রতি ৩০ কেজি চাল, পাঁচটি কম্বল, দুই বান্ডিল টিন ও আগামীকাল রোববার প্রতিটি পরিবারকে নগদ ৬ হাজার টাকা চেকের মাধ্যমে দেওয়া হবে।