হরিজন বন্ধুদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে হরিজনদের মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার জন্য তাঁদের জনগোষ্ঠীর ৪১ জনকে মরণোত্তরসহ মোট ১৬৫ জনকে সংবর্ধনা-সম্মাননা দিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। সংগঠনটির ১৭ বছর পূর্তি উপলক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আয়োজকেরা অভিযোগ করেন, দেশের আমলারা হরিজনদের ব্যাপারে আন্তরিক নন।
গতকাল শুক্রবার জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ‘মানবাধিকার আন্দোলনের পরিক্রমায় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ’ শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে হরিজন সম্প্রদায়ের বর্তমান অবস্থানে আসার পেছনে সাবেকদের ভূমিকার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি কৃষ্ণ লাল বলেন, যে অনৈক্যের কারণে হরিজনরা সমাজে অবহেলিত ছিলেন, সংগঠনের কারণে তাঁদের মধ্যে আর সেই অনৈক্য নেই। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তাঁদের বিভিন্ন দাবি মেনে নিলেও আমলাদের কারণে তা বাস্তবতায় রূপ নিচ্ছে না। আমলারা তা মানছেন না। তিনি বলেন, আমলাদের কারণে হরিজন সম্প্রদায়ের ছেলেমেয়েরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, বড় ডিগ্রি নিয়েও চাকরি করতে পারছে না।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাস, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বিমল ডোম প্রমুখ উপস্থিত ছিলেন।