হরিজনদের অধিকার আদায়ে প্রশাসনের হস্তক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
(ঘড়ির কাঁটা অনুযায়ী) দামুড়হুদার ইউএনও ফরিদুর রহমান গতকাল সকালে নিজে উপস্থিত থেকে দর্শনার একটি সেলুনে হরিজন সম্প্রদায়ের দুজনের চুল কাটার ব্যবস্থা করে দেন। এর প্রতিবাদে দুপুরে দর্শনা দোকান মালিক সমিতি বিক্ষোভ করে। এ সময় তাঁরা ইউএনও ও হরিজন সম্প্রদায়ের বিরুদ্ধে নানা অশালীন স্লোগান দেন। বিকেলে সেলুন ও হোটেল-রেস্তোরাঁয় প্রবেশের সুযোগ চেয়ে হরিজন সম্প্রদায় ইউএনওকে স্মারকলিপি দেয় l প্রথম আলো
(ঘড়ির কাঁটা অনুযায়ী) দামুড়হুদার ইউএনও ফরিদুর রহমান গতকাল সকালে নিজে উপস্থিত থেকে দর্শনার একটি সেলুনে হরিজন সম্প্রদায়ের দুজনের চুল কাটার ব্যবস্থা করে দেন। এর প্রতিবাদে দুপুরে দর্শনা দোকান মালিক সমিতি বিক্ষোভ করে। এ সময় তাঁরা ইউএনও ও হরিজন সম্প্রদায়ের বিরুদ্ধে নানা অশালীন স্লোগান দেন। বিকেলে সেলুন ও হোটেল-রেস্তোরাঁয় প্রবেশের সুযোগ চেয়ে হরিজন সম্প্রদায় ইউএনওকে স্মারকলিপি দেয় l প্রথম আলো

চুয়াডাঙ্গার দর্শনায় সেলুনগুলোতে হরিজন সম্প্রদায়ের মানুষের চুল-দাড়ি কাটা হয় না। হোটেল-রেস্তোরাঁ ও চায়ের দোকানে তাদের বসতে দেওয়া হয় না। এমন অভিযোগ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান গতকাল মঙ্গলবার দর্শনায় যান। সেখানে একটি সেলুনে হরিজন সম্প্রদায়ের দুজনের চুল কাটানোর ব্যবস্থা করেন।
এর প্রতিবাদে দর্শনার ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন। পরে ইউএনও সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
হরিজন সম্প্রদায়ের নেতাদের সূত্রে জানা গেছে, দর্শনায় বসবাসরত হরিজনদের পক্ষ থেকে গত সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়। এতে বলা হয়, দর্শনায় সেলুনগুলোতে হরিজনদের চুল-দাড়ি কাটা এবং হোটেল-রেস্তোরাঁ ও চায়ের দোকানে বসে খেতে দেওয়া হয় না। হরিজন সম্প্রদায়ের অনেক ছেলেমেয়ে বর্তমানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তাঁদের জন্য এ ধরনের আচরণ মর্যাদাহানিকর। তাঁদের অন্য মানুষের পাশাপাশি বসে চুল কাটা ও খাওয়াদাওয়ার সুযোগ দেওয়ার দাবি করা হয়। জেলা প্রশাসক সায়মা ইউনুস এ ব্যাপারে ব্যবস্থা নিতে দামুড়হুদার ইউএনওকে নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দামুড়হুদার ইউএনও ফরিদুর রহমান গতকাল বেলা সাড়ে ১১টায় দর্শনায় যান। তিনি হরিজন সম্প্রদায়ের কয়েকজনকে স্থানীয় দুটি সেলুনে পাঠালে তাঁদের ফেরত পাঠানো হয়। পরে ইউএনও হরিজন সম্প্রদায়ের নেতা রতন বাঁশফোড় ও দর্শনা কলেজে স্নাতক শ্রেণির ছাত্র সুমন কুমারকে সঙ্গে নিয়ে সেলুন মালিক সমিতির সভাপতি পুলক দাসের দোকানে যান। তাঁর নির্দেশে পুলক ও একজন কর্মচারী ওই দুজনের চুল কাটেন ও শেভ করেন। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে দর্শনা দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক সাবির হোসেনের নেতৃত্বে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা দর্শনা পৌর সড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা সেখানে বিক্ষোভ চলে। বেলা দেড়টার দিকে ইউএনও সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে আজহারুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হলে বিক্ষোভকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
গতকাল বিকেলে দামুড়হুদার ইউএনওর কার্যালয়ে উপস্থিত হয়ে হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য লিখিত দেওয়া হয়। এ ছাড়া আজ বুধবার সকাল থেকে ধর্মঘট কর্মসূচি পালন করা হবে। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও ফরিদুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমান সভ্য সমাজে জাতপাত নিয়ে দর্শনায় যা হচ্ছে, তা খুবই নিন্দনীয়। এ জন্য সমাজের সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
দর্শনা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টিও মানবিক। তবে দীর্ঘদিনের প্রথা ভাঙতে সময় লাগবে।’