হরিজনদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি থেকে উচ্ছেদ করতে হরিজন সম্প্রদায়ের বসতবাড়িতে প্রতিপক্ষের লোকজন অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও হরিজন সম্প্রদায়ের লোকজন জানান, তীরনইহাট ইউনিয়নের তীরনইহাট গ্রামের বাসিন্দা ও তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সুইপার রাম লালের সঙ্গে একই ইউনিয়নের দগরবাড়ি গ্রামের জয়নুল হকের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে মামলাও হয়েছে। মামলার একপর্যায়ে ডিক্রি পান জয়নুল। এর সূত্র ধরে গতকাল সকাল নয়টার দিকে ঘটনাস্থলে আসেন আদালতের নাজির ও আইনজীবী আনোয়ারুল হক। এ সময় তাঁর সহকারী আতাউর রহমান ও জিল্লুর রহমান; পঞ্চগড় জর্জকোর্টের নাজির আ. রাজ্জাক, মোশারফ হোসেনসহ প্রায় ২০ জন উপস্থিত ছিলেন। তাঁরা কোনো নোটিশ ছাড়াই ঘটনাস্থলে এসে ঘরবাড়ি ভেঙে দিয়ে জমি উদ্ধারের অপচেষ্টা চালান। একপর্যায়ে তাঁরা বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে তিনটি ঘর পুড়ে যায়। তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার জানান, মুচলেকা নিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।