হরিজনদের নাগরিকত্বের সনদ না দেওয়ার অভিযোগ
নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় নাগরিকত্বের সনদ না পাওয়ার অভিযোগ করেছেন হরিজন সম্প্রদায়ের লোকজন। এ বিষয়ে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, সৈয়দপুর পৌরসভা থেকে হরিজন সম্প্রদায়ের লোকজন নাগরিকত্বের সনদ পেয়ে আসছিলেন। কিন্তু ১৫ দিন ধরে ওই সনদ পাওয়া যাচ্ছে না। বারবার পৌরসভায় ধরনা দিয়েও মিলছে না নাগরিকত্বের সনদ।
বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নন্দ কুমার বাঁশফোঁড় বলেন, তাঁরা পৌরসভার নাগরিক। হরিজন সম্প্রদায়ের ছেলেমেয়েরা অনেকেই এখন শিক্ষিত। তাঁরা সরকারি চাকরিতে হরিজন কোটায় আবেদন করছেন। কিন্তু নাগরিকত্বের সনদ না মেলায় সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।
পৌরসভার একটি সূত্র জানায়, হরিজনদের অনেকেই স্থানীয় নাগরিক না হয়েও নাগরিকত্বের সনদ চাইছেন। তাই কাউন্সিলরদের সুপারিশ ছাড়া কাউকে ওই সনদ দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক বলেন, ‘কেন এমনটি হচ্ছে তা আমার জানা নেই। বিষয়টি নিয়ে পৌর পরিষদের বৈঠকে আলোচনা করা হবে।’