হরিজনদের নিয়োগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হরিজনদের নিয়োগের ব্যাপারে কাগজে-কলমে এক রকম লেখা হয়, অথচ কাজ হয় অন্য রকম। আমরা কাজ চাই। মানুষের মতো বাঁচতে চাই।’ কথাগুলো বলেছেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি রিপন জমাদার। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জাত সুইপারদের নিয়োগ না দেওয়ার প্রতিবাদে এবং প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে ঝাড়ুদার, ক্লিনার, সুইপার পদে জাত হরিজনদের মধ্য থেকে ৮০ ভাগ নিয়োগের দাবিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ফরিদপুর প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে মানববন্ধন ও পরে জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মেজবাউর রহমান, ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক সালামত হোসেন খান, নারীনেত্রী আসমা আক্তার ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান। জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি রিপন জমাদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহসভাপতি অরুণ হেলা ও জাভেদ জমাদার, সাধারণ সম্পাদক বিদ্যুৎ হাড়ি প্রমুখ। সঞ্চারকলিপিতে বলা হয়, গত ৫ জানুয়ারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুইপার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে জাত সুইপারদের অগ্রাধিকার দেওয়া হবে মর্মে উল্লেখ করা হয়। ফরিদপুর হরিজন কলোনির ৮৪ জন দরখাস্ত করে এবং ৫৪ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। গত ১২ মার্চ তত্ত্বাবধায়কের কার্যালয়ে মৌখিক পরীক্ষা শেষে নিয়োগ স্থগিত মর্মে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু ৫ এপ্রিল নিয়োগপ্রাপ্তদের নাম না ছাপিয়ে নির্বাচিত সুইপারদের চিঠি দেওয়া হয়েছে। সেখানে পাঁচজন সুইপারের মধ্যে হরিজন সমপ্রদায়ের মাত্র একজনকে নেওয়া হয়েছে।