দেশের একজন নাগরিক হিসেবে হরিজনদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত করা হবে। এর জন্য যদি আইন পরিবর্তন করতে হয়, তাহলে আইন পরিবর্তন করা হবে। ফরিদপুরে হরিজন মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের গোয়ালচামট এলাকায় পৌর মিলনায়তনে এ মহাসমাবেশের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, হরিজনদের বেতনও ন্যূনতম দ্বিগুণ করা হবে। আপনাদের নির্দিষ্ট চাকরির ৮০ ভাগ নয়, ১০০ ভাগই আপনাদের পেতে হবে। এর পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে কেউ অন্য কোথাও চাকরি পেলে কেউ সেখানে বাধার সৃষ্টি করতে পারবে না। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মহাসমাবেশের আয়োজন করে সংগঠনটির ফরিদপুর জেলা শাখা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ভবিষ্যতে জেলা প্রশাসনের নিয়োগে আপনাদের পেশার জন্য নির্ধারিত ৮০ ভাগ কোটা রক্ষা করা হবে। ফরিদপুর হরিজন ঐক্য পরিষদের সভাপতি রিপন হরিজনের সভাপতিত্বে মহাসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহাসচিব নির্মল চন্দ্র দাস, ফরিদপুর হরিজন ঐক্য পরিষদের সদস্য রঞ্জন হরিজন।
শুরুতে হরিজন নেতারা লিখিত আকারে বিভিন্ন দাবি তুলে ধরেন। এর আগে মহাসমাবেশ উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়।