হরিজনদের ন্যায্য মর্যাদার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দলিত শ্রেণীর শিশুরাও সমাজে স্কুল-কলেজে পড়তে চায়। বড় হতে চায়। কিন্তু সমাজ আমাদের ভালোভাবে নিতে পারে না, ঘৃণার চোখে দেখে। আবার সভা-সেমিনারে সবাই সমতার কথা বলে। চাকরি—সব ক্ষেত্রে হরিজনদের ন্যায্য মর্যাদা দিতে হবে।’নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার হরিজন নেতা হিরালাল বাসফোর গতকাল রোববার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘দলিত জনগোষ্ঠীর সার্বিক অবস্থা, অধিকার ও উত্তরণ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় এ দাবি জানান। হেকস বাংলাদেশের সহযোগিতায় দলিত প্রকল্পের অধীন গ্রাম বিকাশ কেন্দ্র নামে বেসরকারি সংস্থা কর্মশালাটির আয়োজন করে।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মীর মো. নজরুল ইসলাম বলেন, প্রত্যেক ব্যক্তির কাজের মর্যাদা আছে। দলিতরা এই সমাজের মানুষ, সুইপার বা মেথরের কাজ করে। তাদের কাজের অবশ্যই মর্যাদা দিতে হবে। তাদের সন্তানদের জন্য পৃথক নয় একই স্কুলে পড়ার সুযোগ রয়েছে। গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ী পৌরসভার মেয়র মর্তুজা সরকার, আন্তর্জাতিক সাহায্য সংস্থা হেকস বাংলাদেশের এ দেশীয় পরিচালক শামীমা আখতার, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক মতিউর রহমান, নওগাঁ হরিজন ভানু বাসফোর, নীলফামারী জেলার মেঘুরাম বাসফোর, চাঁপাইনবাবগঞ্জের চন্দন কুমার বাসফোর, ফুলবাড়ীর দরিয়া বাসফোর ও নীলফামারী জেলার হরিজন নেত্রী মালতী বাসফোর বক্তৃতা করেন।