হরিজনদের বঞ্চনার শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসচ্ছলতা, আবাসন সংকট, চিকিৎসার অভাবসহ নানা সমস্যায় জর্জরিত নেত্রকোনার হরিজন সম্প্রদায়ের মানুষ। দারিদ্র্যের কারণে এই সম্প্রদায়ের শিশুরা শিক্ষার আলো থেকেও বঞ্চিত।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা শহরের চকপাড়া সুইপার কলোনি এলাকাটি হরিজন অধ্যুষিত। এখানে ৪১টি পরিবারের ২৪৯ জন লোক বাস করেন। ১২ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের এক কক্ষে পাঁচ থেকে আটজনকে একসঙ্গে থাকতে হয়। দুটি পরিবার ছাড়া বাকি পরিবারে নেই রান্নার ঘর। নেই গ্যাস সংযোগ। খোলা আকাশের নিচে, থাকার ঘরে, বারান্দায় অথবা কোনো গাছের নিচে মহিলাদের রান্না করতে হয়।
কলোনিতে বিশুদ্ধ খাবারের পানি ও পয়োনিষ্কাশনের অবস্থাও নাজুক। পানি সরবরাহের দুটি নলকূপের একটি বছর খানেক ধরে অকেজো হয়ে আছে। তাই খাওয়ার পানি, গোসলের পানি, থালাবাসন ধোয়াসহ সব ধরনের কাজই সারতে হয় ওই একটি নলকূপের পানি দিয়েই। এতগুলো পরিবারের জন্য রয়েছে তিনটি শৌচাগার। তাও জরাজীর্ণ অবস্থা। এখানে নেই কোনো শিক্ষা ও বিনোদনের ব্যবস্থা। যদিও পল্লিতে সিম রায়োসিস বাংলাদেশ পরিচালিত একটি প্রাক্-প্রাথমিক বিদ্যালয় আছে। কিন্তু বেশির ভাগ সময় সে বিদ্যালয়টিও বন্ধ থাকে।
হরিজন পল্লির পাশে উকিলপাড়া এলাকার স্কুলশিক্ষক রাজন ভদ্র বলেন, হরিজন শিশুদের বর্ণমালা শেখার আগ্রহ আছে। কিন্তু বয়স্কদের মধ্যে অধিকাংশেরই শিক্ষা না থাকায় শিশুদের পড়াশোনা করানোর বিষয়ে তাঁদের আগ্রহ কম।
শুধু কলোনির প্রতিকূল পরিবেশই নয়, বাইরের পরিবেশও হরিজনদের শিক্ষার ক্ষেত্রে বড় প্রতিবন্ধক সৃষ্টি করছে বলে জানান বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ বাসফোর। তিনি বলেন, ‘টাকার অভাবে আমাদের বাচ্চাদের ভালো স্কুলে ভর্তি করতে পারি না। ভর্তি করালেও সহপাঠীরা তাদের সঙ্গে খারাপ আচরণ করে। মাস্টাররাও তেমন যত্ন নেয় না। লেখাপড়া শিখলেও ভালো চাকরি হয় না। তাই সুইপারের কাজই বেছে নিতে হয়।’
সুইপার কলোনির সরদার রতন বাসফোর বলেন, ‘সরকার আমরারে দিয়া সারা শহর পরিষ্কার করায় আর আমরারে রাখছে ময়লা জায়গার মধ্যে।’ কলোনির বাসিন্দা লক্ষ্মী রানী বাসফোর বলেন, ‘কলোনির দুপাশে সরকারি যে দুটি পুকুর আছে তা তাদের নিয়ন্ত্রণে ছিল। সেখানে তাঁরা গোসল, কাপড়চোপড়, থালাবাসন ধোয়াসহ অন্য সব কাজ করতেন। পুকুর পাড়ে শাকসবজি ফলানো ও শূকর পালন করা যেত। একটি শূকরের বাচ্চা ৬০০ টাকা দিয়ে কিনে এক-দেড় বছর পালন করে ১০ টাকার ওপরে বিক্রি করা যেত। বর্তমানে তা বাস ও মোটরযান মালিকসমিতি দখলে নিয়ে তাদের লোকদের দিয়েই পৌরসভার যাবতীয় ময়লা আবর্জনা এনে ভরাট করছে।’
সুইপারের কাজই হরিজনদের প্রধান পেশা। বর্তমানে সব শ্রেণির মানুষের জন্য এ কাজটির সুযোগ করে দেওয়ায় তারা এ পেশাও হারাতে বসেছে। নেত্রকোনা সরকারি কলেজের সুইপার শুকলাল বাসফোর জানান, তাঁদের বেতন কম, ইনক্রিমেন্ট নেই, পেনশনও নেই। তাঁরা ছোটখাট ব্যবসাও করতে পারছেন না। কারণ, হরিজন বলে তাঁদের দোকান থেকে অনেকে কেনাকাটা করতে চান না।
পৌর মেয়র প্রশান্ত কুমার রায় জানান, তৃতীয় নগরপরিকল্পনায় হরিজনদের থাকার জায়গার উন্নয়ন করা হবে। চলতি জুন থেকে তাঁদের বেতন ১২০০ টাকায় উন্নীত করা হবে।
শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক যতীন সরকার বলেন, ‘হরিজন আমাদের দেশে একটি অবহেলিত সম্প্রদায়। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ সব সুবিধা হতে তারা বঞ্চিত। হরিজন সম্প্রদায়ের সাধারণ মানুষের মতো বাঁচার অধিকার রয়েছে। এটি ভেবে দেখতে হবে।’