হরিজনপল্লির 'আলো' ঝিনুক-প্রতিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আড়াই বছর আগে তাঁদের খোঁজে সেখানে যাওয়া হয়েছিল। এবার সেখানে গিয়ে সারি সারি বাসার মধ্যে তাঁদের বাড়ি চিনতে অসুবিধা হচ্ছিল। লম্বা গলির ভেতরে তাঁদের বাসা খুঁজতেই একজন জানালেন, ‘ও, কলেজে পড়া ঝিনুক, প্রতিমা। ওই যে, ওখানেই ওরা থাকে।’

ঝিনুক রানি বিশ্বাস ও প্রতিমা রানি বিশ্বাস। কুষ্টিয়ার চৈতন্য হরিজনপল্লি সুইপার কলোনিতে থাকেন। ছোট ছোট দুটি ঘরের একেকটা বাসা। সন্ধ্যা হলে কলোনির শিশুরা যখন ঘুমাতে যেত, তাঁরা তখন পড়তে বসতেন। পড়াশোনার প্রতি ভালোবাসার সুফলও পেয়েছেন। হরিজনপল্লির প্রতিবন্ধকতা জয় করতে পেরেছেন। এসএসসি ও এইচএসসি পাসের পর এ বছর সম্মান প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। পরিবারের পাশাপাশি সুইপার কলোনির নাম উজ্জ্বল করেছেন তাঁরা।

কুষ্টিয়ায় হরিজনপল্লির ঝিনুক (ডানে) ও প্রতিমা (বাঁয়ে)। ছবিটি তাঁদের বাসার সামনে থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান।
কুষ্টিয়ায় হরিজনপল্লির ঝিনুক (ডানে) ও প্রতিমা (বাঁয়ে)। ছবিটি তাঁদের বাসার সামনে থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান।

হরিজন সম্প্রদায়ের এই দুই মেয়ে কুষ্টিয়া শহরের মিল লাইন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে ব্যবসায় শিক্ষা বিভাগে ‘এ’ গ্রেড পেয়েছিলেন। পরে এইচএসসি পরীক্ষায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের বাণিজ্য বিভাগ থেকে ঝিনুক জিপিএ-৩.৮৩ এবং প্রতিমা ৩.৭০ পেয়ে পাস করেন। ঝিনুক একই কলেজে সম্মান প্রথম বর্ষে ব্যবস্থাপনা বিষয়ে ভর্তি হয়েছেন। প্রতিমা বাংলায় ভর্তির সুযোগ পেয়েছেন রাজবাড়ী আদর্শ মহিলা কলেজে। তবে তাঁর ইচ্ছে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে স্থানান্তর হওয়ার।

গত রোববার সকালে ঝিনুক ও প্রতিমার কলোনিতে যাওয়া হয়। সরু গলির দুপাশে ছোট ছোট ঘর। পৌরসভার তত্ত্বাবধানে ঘরগুলোতে প্রায় ১০০ পরিবারের বাস। প্রতিটি পরিবারে ১১ থেকে ১২ জন সদস্য। এঁদের বেশির ভাগ সদস্য পৌরসভার আওতাধীন পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেন। কেউ সরকারি আবার কেউ বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। এঁদের মাঝ থেকে বেরিয়ে এসেছে ঝিনুক-প্রতিমার মতো আলো।

ঝিনুকের বাবা হিরা লাল কুষ্টিয়া সোনালী ব্যাংকে ও মা কৌশিল্যা রানি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী। সাত ভাইবোনের মধ্যে ঝিনুক ৫ নম্বর। একমাত্র ঝিনুকই সংগ্রাম করে পড়াশোনা করছেন। বাকি সদস্যরা মা-বাবার মতো একই কাজ করেন।
‘অভাবের সুংসার, ওর ইচ্ছে পুড়াশুনা করার। আমারও ইচ্ছে আছে তাই পড়তে দিছি। অনেক জায়গা থেকি বিহের (বিয়ে) সম্মন্ধ আসে, বিহে দিলে তো পুড়াশুনা হবিনে তাই দিই না। ও যত দূর পড়তি চাই তত দূর পুড়ানো হবি।’ জানালেন ঝিনুকের মা কৌশিল্যা রানি।
তিনি বলেন, জেলা প্রশাসন থেকে এসএসসি পাসের পর থেকে ঝিনুক সহযোগিতা পাচ্ছেন। এবারও সেখান থেকে বই দিয়েছে। মেয়েকে চার হাজার টাকা খরচ করে সম্মান শ্রেণিতে ভর্তি করিয়েছেন। বাকিটুকু দেখা যাক কী হয় বলেই একটু দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি।

ঝিনুকের একই সুর, বাধা যা-ই আসুক, পড়াশোনা শেষ করবেন। মিষ্টি হাসি দিয়ে জানালেন, পড়াশোনা শেষ করে শিক্ষক হবেন। তাই শতবাধা পেরিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। পরিবারের অন্য সদস্যের মতো পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতে চান না।

অপর দিকে প্রতিমার বাবা বিজয় বিশ্বাস ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। মা শিলা রানি গৃহিণী। চার ভাইবোনের মধ্যে প্রতিমা ৩ নম্বর। প্রতিমার এইচএসসি পরীক্ষার কয়েক মাস আগে বাবা বিজয় বিশ্বাস খুন হন। এরপর পরিবারটি অভাব-অনটনে দিশেহারা হয়ে পড়ে। তবে প্রতিমা হাল ছাড়েননি। রাজবাড়ী আদর্শ মহিলা কলেজে বাংলায় ভর্তি হয়েছেন। বাড়ি থেকে অনেক দূর হওয়ায় তাঁর ইচ্ছে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে স্থানান্তর হওয়ার।
মা শিলা রানি বললেন, মেয়েকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এখন দূরে পড়তে যাবে, তাতে অনেক খরচ। সাড়ে তিন হাজার টাকা খরচ করে সম্মান শ্রেণিতে ভর্তি করিয়েছেন। বই কেনা হয়নি। জানেন না বই কীভাবে কেনা হবে। মেয়ের ইচ্ছের জন্যই এত দিন পর্যন্ত লড়াই করে আসছেন।

ঝিনুক ও প্রতিমা দুজনই তাঁদের কলোনির গলিতে দাঁড়িয়ে ছবি তুললেন। একে অপরের সঙ্গে ভাব করলেন। দুজন দুজনের কাঁধে হাত রাখলেন। হাসলেন।
তাঁরা জানালেন, কলোনিতে সারা দিন হইচই চিৎকার হয়। উচ্চ শব্দে গান বাজে। রাতে আলো নিভিয়ে রাখতে হয়। রাত একটু গভীর হলে শান্ত হয় পরিবেশ। আর তখনই পড়তে বসেন। পড়াশোনার মধ্যে ডুবে গেলে এক রকমের প্রশান্তি আসে। বললেন, ‘আমরাই কলোনিতে প্রথম এসএসসি পাস করেছি, আমরাই প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি।’

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান প্রথম আলোকে বলেন, এসএসসি পাস করার পর থেকেই জেলা প্রশাসন থেকে তাঁদের খোঁজ রাখা হয়। ঝিনুক সম্মান শ্রেণিতে ভর্তি হওয়ার পর বইয়ের জন্য আবেদন করেন। সঙ্গে সঙ্গেই তাঁকে বই দেওয়া হয়েছে। প্রতিমা রানি এখনো এ ব্যাপারে কোনো আবেদন করেননি। আবেদন করলে তাঁকেও সহযোগিতা করা হবে। তিনি বলেন, যে পরিবেশ থেকে তাঁরা বেরিয়ে এসে পড়াশোনা করছেন, তা খুবই ভালো লাগার একটা বিষয়।

প্রসঙ্গত, ঝিনুক ও প্রতিমাকে নিয়ে ২০১৪ সালের ১৪ জুলাই প্রথম আলোতে ‘আঁধার ঘরে এক ফালি আলো’; একই বছর ২৩ জুলাই ‘ওরা পেল স্যালুট বই আর চাকরির নিশ্চয়তা’ এবং ২৩ সেপ্টেম্বর ‘পূজা উপলক্ষে পেল নতুন জামা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছিল। শত বাধা পেরিয়ে তাদের পথচলা এখনো অব্যাহত রয়েছে।