হরিণ জবাই: কমলগঞ্জে ইউপি সদস্যসহ ছয় জনকে তলব
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হরিণ জবাই করার ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ ছয়জনকে বন বিট কার্যালয়ে তলব করা হয়েছে। গত শুক্রবার তাঁদের কাছে এ নোটিশ পাঠানো হয়। বন বিভাগ সূত্র জানায়, উপজেলার রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা সাধন রায়ের নির্দেশে আদমপুর বন বিট কর্মকর্তা নারায়ণচন্দ্র দাস ইসলামপুর ইউপির সদস্য ওয়াহিদ মিয়া, কাঁঠালকান্দি গ্রামের তোবারক মিয়া, সিদ্দেক মিয়া, তাজুদ মিয়া, বাসিক মিয়া ও শুকু মালাকারকে এ নোটিশ দেন। নারায়ণচন্দ্র দাস বলেন, বন রেঞ্জ কর্মকর্তার নির্দেশে পত্রিকায় যাঁদের নাম এসেছে, তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের সাত দিনের মধ্যে বন বিট কার্যালয়ে এসে হরিণ জবাই করার ব্যাপারে বক্তব্য দিতে হবে। তাঁদের বক্তব্য গ্রহণের পর বন বিভাগ পরবর্তী পদক্ষেপ নেবে।সিদ্দেক মিয়া বলেন, হরিণ ধরে জবাই করার ঘটনায় তিনি জড়িত নন। গ্রামের একটি বিশেষ মহল তাঁকে হেয় করতে তাঁর নাম বলেছে। দুই বনদস্যু গ্রেপ্তারউপজেলার কামারছড়া সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে পাচারকালে গত বৃহস্পতিবার দুই বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বনকর্মী ও বনদস্যুদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উপজেলার আলীনগর ইউনিয়নের রাজকান্দি বন রেঞ্জের কামারছড়া বন বিট এলাকায় এ ঘটনা ঘটে। আটক বনদস্যুরা হলেন চিতলিয়া গ্রামের আব্বাছ আলী ও পুতুল মিয়া। ঘটনার সত্যতা স্বীকার করে গতকাল শনিবার বন বিট কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেন, বন আইনে মামলা দিয়ে গত শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।