হরিণ জবাইয়ের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের বাসিন্দারা হরিণ জবাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।গতকাল বেলা ১১টায় ইসলামপুর ইউনিয়নের বিজিবি ক্যাম্পসংলগ্ন কাঁঠালকান্দি গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ওয়াহিদ মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, হরিণ জবাইয়ের ঘটনায় প্রভাবশালী মহলের যোগসাজশে তাঁকেসহ ছয় গ্রামবাসীকে নোটিশ প্রদান করা হয়েছে। অথচ তাঁরা নির্দোষ। সংবাদ সম্মেলনে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী বলেন, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নানের নেতৃত্বে প্রভাবশালী মহল হরিণ শিকারসহ এলাকায় বিভিন্ন অপরাধ করে যাচ্ছেন। হরিণ শিকার করে চেয়ারম্যানের ঘরে মাংস পাঠানো হয়েছে।তবে ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান সংবাদ সম্মেলনের পর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হরিণ জবাই করার ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং কেউ তাঁকে মাংসও দেয়নি।