বিশ্বখ্যাত শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বন সুন্দরবনের অন্যতম প্রধান ফল কেওড়া। সুুন্দরবনের প্রাণিকুলের পাশাপাশি কয়েক প্রজাতির মাছের প্রধান খাদ্য এ ফল। নিষেধ থাকা সত্ত্বেও প্রতিদিন সুন্দরবন থেকে কয়েক শ মণ কেওড়া পাচার হয়ে যাচ্ছে বনসংলগ্ন হাট-বাজারসহ দেশের বিভিন্ন স্থানে। নিয়মবহির্ভূতভাবে প্রাকৃতিক বনের পরিবেশ নষ্ট করে কেওড়া সংগ্রহ করায় হরিণ, বানরসহ অন্যান্য তৃণভোজী প্রাণীর খাদ্য-সংকটের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি সুন্দরবনে কেওড়া গাছের বিস্তৃতিও হুমকির মুখে পড়তে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, সুন্দরবন উপকূলবর্তী শ্যামনগর, আশাশুনি, কয়রা ও পাইকগাছা উপজেলাসহ সুন্দরবনের আশপাশের প্রধান বাজারগুলোতে বিক্রি হচ্ছে এই ফল। উপকূলীয় এলাকার একশ্রেণীর বনজীবী সুন্দরবন থেকে আহরণ-নিষিদ্ধ কেওড়া সংগ্রহ করে স্থানীয় বাজার ও দেশের বড় বড় মোকামে সরবরাহ করছে। সাতক্ষীরা, খুলনা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই ছোট ট্রাক, পিকআপ ও ইঞ্জিনচালিত ভ্যানে করে কেওড়া পাঠানো হচ্ছে। ফলটি খেতে টক। কেওড়া দিয়ে জেলি তৈরি এমনকি এটি রান্নাও করা যায়।শ্যামনগরের নকিপুর বাজারের খুচরা ব্যবসায়ী বনমালী মণ্ডল ও আমজাদ হোসেন জানান, খোলাবাজারে প্রতি কেজি কেওড়া ১৫ থেকে ২০ টাকা ও পাইকারি বাজারে প্রতি মণ ৫৫০ থেকে ৭৫০ টাকা। সুন্দরবনে কেওড়া সংগ্রহের কাজে জড়িত হরিণনগর বাজারের আবদুল খালেক ও আতিয়ার মল্লিক জানান, কেওড়া সংগ্রহের সুবিধার্থে আহরণকারীরা গাছের ডাল ছেঁটে ফেলে। ফলে পরের বছর ওই গাছে কেওড়া ধরে না। আবার গাছের অধিকাংশ ডাল ছেঁটে ফেলায় অনেক ক্ষেত্রে গাছ মারা যায়। শ্যামনগরের সুরেশ বরকন্দাজসহ কয়েকজন জেলে জানান, কেওড়া মৌসুমে খাওয়ার জন্য আগে বিভিন্ন প্রজাতির মাছ সুন্দরবনসংলগ্ন নদ-নদীতে ভিড় জমাত। কিন্তু সেই দৃশ্য আর চোখে পড়ে না। বর্তমানে আগের মতো মাছ না আসায় তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেওড়া সংগ্রহের কাজ করেন মীরগাং গ্রামের সুকুমার মণ্ডল, কালিঞ্চির দাউদ গাজী ও সামছুর গাজী। তাঁরা জানান, কেওড়া সংগ্রহ নিষিদ্ধ হলেও অভাবের তাড়নায় বছরের এই মৌসুমে কাজটা করতে হয় তাঁদের। সুন্দরবনে কেওড়া পাড়তে যাওয়ার জন্য নৌকাপিছু বন বিভাগের কর্মচারীদের ৫০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত দিতে হয় বলে দাবি করেন তাঁরা।পরিবেশ নিয়ে কাজ করে বেসরকারি সংগঠন বারসিকের সমন্বয়কারী শাহিন ইসলাম জানান, অপরিকল্পিতভাবে ও ইচ্ছামতো কেওড়া সংগ্রহ করায় হরিণ ও বানরসহ মাছের মৌসুমি খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। এ ছাড়া কেওড়া পাড়ার নামে ইচ্ছামতো ডাল কাটায় কেওড়ার উৎপাদন কমে যাচ্ছে। আবার প্রাকৃতিক বনায়নও হচ্ছে ক্ষতিগ্রস্ত।পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক মো. তৌফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, সুন্দরবন থেকে কেওড়া পেড়ে নিয়ে আসা অবশ্যই অবৈধ। এ ফল সংগ্রহের জন্য কোনো অনুমতি দেওয়া হয় না। তবে কেওড়া সুন্দরবন ছাড়াও বাইরে কিছু কিছু এলাকায় হয়। বিষয়টি নিয়ে ভেবে দেখা হয়নি। এভাবে কেওড়া সংগ্রহ ও বিক্রি করলে তৃণভোজী প্রাণীর খাদ্য-সংকট হতে পারে। এখন থেকে যাতে কেওড়া কেউ অবৈধভাবে সংগ্রহ করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।