হরিণ শিকার রোধে সতর্ক বন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ নভেম্বর থেকে সুন্দরবনের দুবলারচরে তিন দিনব্যাপী রাশ উৎসব শুরু হচ্ছে। এ উৎসবকে নির্বিঘ্ন করতে বন বিভাগ থেকে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ প্রস্তুতি হিসেবে এ সময়ে সুন্দরবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
এদিকে সুন্দরবনের কাছে উপকূলজুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। রাশমেলা ঘিরে প্রতিবছর হরিণ শিকারিরা তৎপর হয়ে ওঠেন। বন বিভাগ হরিণ শিকাররোধে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছে।
সুন্দরবনের পশ্চিম বন বিভাগ সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাশমেলা উপলক্ষে সভা হয়। এতে খুলনা বিভাগীয় বন সংরক্ষক সুশীল কুমার কণ্ডু সভাপতিত্ব করেন।
সভায় সিদ্ধান্ত হয় সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী, কদমতলা, কোবাদক ও কৈখালী স্টেশন থেকে ২৪ নভেম্বর রাত ১২টার পর একযোগে পুণ্যার্থী ও পর্যটকেরা দুবলারচরের উদ্দেশে যাত্রা করবে। তিন দিনের জন্য জনপ্রতি ৫০ টাকা, নিবন্ধিত ট্রলারপ্রতি ২০০ ও অনিবন্ধিত ট্রলারপ্রতি ৮০০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। ২৬ নভেম্বর সকালে পুণ্যস্নানের মাধ্যমে ওই উৎসব শেষ হবে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস এম শোয়াইব খান বলেন, রাশমেলাকে ঘিরে একশ্রেণির মানুষের মধ্যে হরিণ শিকারের প্রবণতা লক্ষ করা যায়।
এ জন্য এবার হরিণ শিকারি ও বনদস্যুদের তৎপরতা রোধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বহন নিষিদ্ধ করা হয়েছে।
সুন্দরবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া রাশমেলা উপলক্ষে সুন্দরবনে বন প্রহরীর পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী, র্যা ব ও পুলিশের বিশেষ টহল থাকবে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, মেলাকে কেন্দ্র করে কেউ যাতে বন থেকে হরিণ শিকার করতে না পারে, সে জন্য গত শুক্রবার থেকে সুন্দরবনের ১২টি স্থানে বন বিভাগের বিশেষ দল কাজ শুরু করেছে।
মেলা উদ্যাপন কমিটির চেয়ারম্যান মেজর (অব.) জিয়া উদ্দিন বলেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকলে ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দুই লক্ষাধিক তীর্থযাত্রী ও পর্যটক এ মেলায় আসবেন।