হরিণাকুণ্ডুতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হেলাল উদ্দিন (২৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের বাঁওড়ের পাশ থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকড়রা গ্রামের কানাইলালের ছেলে।এলাকাবাসী জানায়, সকালে মাঠে কাজ করতে গিয়ে তাঁরা বাঁওড়ের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখতে পান। পরে তাঁরা জানতে পারেন, তিনি পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকড়রা গ্রামের কানাইলালের ছেলে হেলাল উদ্দীন। এরপর তাঁরা পুলিশে খবর দেন। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে তাঁরা মৃতদেহটি উদ্ধার করেন। তাঁরা ধারণা করছেন রাতে তাঁকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আবুল খায়ের আরও জানান, নিহত হেলাল উদ্দিন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল।