হরিণাকুণ্ডুতে দোকান পুড়ে ছাই
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর বাজারের একটি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। সব মালামাল পুড়ে যাওয়ায় দোকান মালিক দিশেহারা হয়ে পড়েছেন।
দোকান মালিক হাসান মুন্সী (৫০) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। তাঁর নিজের কোনো জায়গা-জমি নেই। তিনি ২৩ বছর আগে চাঁদপুর বাজারের রাস্তার পাশে সরকারি জমিতে চায়ের দোকান দেন। এই দোকানে চা, পান, সিগারেট ও বিস্কুট বিক্রি করা হতো। এসব বিক্রি করে তিনি প্রতিদিন ৩০০-৪০০ টাকা আয় করতেন। এই আয় দিয়ে তাঁর পাঁচ সদস্যের সংসার চলত।
হাসান মুন্সি জানান, গতকাল শুক্রবার সকালে গ্রামের লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি এসে দেখেন, দোকানটি পুড়ে গেছে। দোকানের ভেতরে থাকা নগদ তিন হাজার টাকা, বিস্কুট, সিগারেটসহ সব মালামাল পুড়ে গেছে। হাসান দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁর ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হরিণাকুণ্ডু থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিক মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।