হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডিমের চর এলাকা থেকে বনকর্মীরা বুধবার রাতে প্রায় এক মণ হরিণের মাংস, তিনটি মাথা ও দুটি চামড়াসহ একটি পরিত্যক্ত ট্রলার আটক করেছেন। মাংস ও মাথা মাটিচাপা দেওয়া হয়েছে।বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, বুধবার রাতে জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে বনরক্ষীরা ট্রলারটি আটক করেন। পরে উদ্ধার করা মাংস ও মাথা শরণখোলা স্টেশনে এনে মাটিচাপা দেওয়া হয়। চামড়া দুটি প্রক্রিয়াকরণের জন্য বাগেরহাটে সুন্দরবন পূর্ব বিভাগের প্রধান কার্যালয়ে আনা হয়েছে।বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, পটুয়াখালীর জ্ঞানপাড়া ও চর দুআনি এলাকার একদল চিহ্নিত চোরা শিকারি আটক ট্রলারটি নিয়ে বেশ কিছুদিন ধরে সুন্দরবনে অবস্থান করে হরিণ শিকার করছিল বলে বন বিভাগের কাছে তথ্য ছিল। শেষ পর্যন্ত বুধবার ট্রলারটি আটক করা সম্ভব হয়। তবে ট্রলারে থাকা শিকারি ও তাদের সহযোগীরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে।