হরিপুর হবে কুষ্টিয়ার উপশহর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। সেই সঙ্গে বেড়ে যাচ্ছে হরিপুর ইউনিয়নের আবাদি ও বসতি জমির দাম। আগামী বছরের প্রথম দিকেই সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
হরিপুরবাসী মনে করছেন, সেতুর দ্বার খুলে গেলে হরিপুর হবে কুষ্টিয়ার উপশহর।
কুষ্টিয়া শহর ঘেঁষে গড়াই নদ। নদের ওপারেই হরিপুর ইউনিয়ন। তারপর পদ্মা নদী। এই ইউনিয়নে প্রায় দেড় লাখ মানুষের বাস। ইউনিয়নের ৯০ শতাংশ মানুষ জীবিকার প্রয়োজনে কুষ্টিয়া শহরে যাতায়াত করে। বর্ষায় নৌকা আর গ্রীষ্মে ধু ধু বালুতে হেঁটে গড়াই নদ পার হতে হয়। এই কষ্ট লাঘবে কয়েক যুগ ধরে ইউনিয়নের মানুষ গড়াই নদে সেতুর দাবি করছিলেন।
কুষ্টিয়া স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার অ্যাসোসিয়েট এ সেতু নির্মাণের কার্যাদেশ পায়। এ বছরের ১৬ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা। উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে এই সেতু ৫০৪ দশমিক ৫৫ মিটার দীর্ঘ ও ৬ দশমিক ১ মিটার প্রশস্ত হবে। সেতুর উভয় পাশে তিন ফুট করে ছয় ফুট ফুটপাত হবে। এ ছাড়া কুষ্টিয়া অংশে ২০০ মিটার ও হরিপুর অংশে ১৯৬ মিটার সংযোগ সড়ক হবে। ৪২ দশমিক ৫ মিটার করে ১২টি স্প্যানের প্রতি স্প্যানে চারটি গার্ডার থাকবে।
এলজিইডি, কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, ৭১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি আগামী বছরের প্রথম দিকেই জনসাধারণের জন্য উন্মুক্ত করা যাবে। কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, ইতিমধ্যে প্রকল্পের ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। যত দ্রুত সম্ভব কাজ সম্পন্ন করে সেতু বুঝিয়ে দেওয়া হবে। কাজের ক্ষেত্রে কোনো গাফিলতি করা হবে না।
সরেজমিনে জানা গেছে, সংযোগ সেতুর কাজ শুরু হওয়ার পর থেকেই হরিপুর এলাকার আবাদি জমির দাম বেড়েছে।
হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নেন্টু বিশ্বাস বলেন, সেতু হতে দেখে কয়েকটি বড় বড় কলকারখানার কর্মকর্তারা হরিপুরে জমি দেখে গেছেন। এক বছর আগে আবাদি জমি কাঠাপ্রতি বিক্রি হয়েছে ৩০ হাজার টাকা আর বসতি জমি বিক্রি হয়েছে এক লাখ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৬০ হাজার ও দুই লাখ টাকা।
হাতশ হরিপুর এলাকার বাসিন্দা আফিল উদ্দিন বলেন, দুই মাস আগে তিনি কাঠাপ্রতি দেড় লাখ টাকায় পাঁচ কাঠা জমি কিনেছেন।
কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রবিউল ইসলাম বলেন, সেতু নির্মাণের পর হরিপুর অন্য রকম একটি উপশহরে পরিণত হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারিত হবে। পদ্মা ও গড়াই নদকেন্দ্রিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে।
ইউপি চেয়ারম্যান মোশতাক হোসেন বলেন, সেতু চালু হলে নদ তীরবর্তী মানুষের জীবন-জীবিকার মান উন্নত হবে। নদ অববাহিকায় শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে।