হরিবাসর সংস্কারে গমের বরাদ্দ দুবারই আত্মসাৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টিআরের একটি প্রকল্পের আওতায় হরিবাসর (হিন্দুধর্মাবলম্বীদের পূজা-অর্চনার স্থান) সংস্কারের জন্য দুবার বরাদ্দ দেওয়া দুই মেট্রিক টন গম আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর দ্বিতীয় পর্যায়) আওতায় ২০০৮-২০০৯ অর্থবছরের জন্য জাবরহাট পাড়িয়াপাড়া হরিবাসর সংস্কারের জন্য একটি প্রকল্পের বিপরীতে এক মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। কোনো কাজ না করেই গম বিক্রির টাকা প্রকল্প কমিটির লোকজন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর পাড়িয়াপাড়া গ্রামের একাধিক বাসিন্দা জানান, প্রায় দেড় বছর হলেও গম আত্মসাতের ঘটনার কোনো তদন্ত হয়নি।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় (টিআর) ২০১০-১১ অর্থবছরে পাড়িয়াপাড়া ইউনিয়নের ওই একই হরিবাসর সংস্কারের জন্য ‘জাবরহাট পাড়িয়াপাড়া হরিবাসর সংস্কার’ প্রকল্পের নামে এক মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয় (টিআর-সাধারণ প্রকল্প নম্বর ৯৫)। উপজেলা গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কমিটি গত ১৩ এপ্রিল অনুষ্ঠিত সভায় ওই বরাদ্দ দেয়। বরাদ্দ দেওয়া এক মেট্রিক টন গমের সরকারি মূল্য ২১ হাজার ৭৬২ টাকা। সংশ্লিষ্ট ব্যক্তিরা মে মাসেই বরাদ্দের গম উত্তোলন করেছেন। কিন্তু হরিবাসরের কোনো উন্নয়নকাজ হয়নি। গত ৭ আগস্ট সরেজমিনে দেখা গেছে, কাজ না করার কারণে অবহেলিত অবস্থায় পড়ে আছে হিন্দুধর্মাবলম্বীদের সেই হরিবাসরটি। স্থানীয় লোকজন জানান, কোনো বরাদ্দের কথা তাঁরা জানেন না। টিআর প্রকল্প কমিটির সভাপতি সতীশ চন্দ্র রায় বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান দগ্ধু মোহন রায় আমাকে কিছু টাকা দিয়েছেন। টাকাটা আমার হাতে আছে, বর্ষাটা যাক কিছু কাজ করব।’ জাবরহাট ইউপির সাবেক চেয়ারম্যান দগ্ধু মোহন রায় বলেন, ‘তখন ইউপি নির্বাচনের কারণে আমি ব্যস্ত ছিলাম। এ ছাড়া উপজেলায় অনুষ্ঠিত মিটিংগুলোতে ওই সময় আমি যেতে পারিনি। তাই বরাদ্দের কথা মনে নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র বলেন, ‘অনেক কাগজপত্র স্তূপ হয়ে আছে, প্রকল্পের তথ্য জানতে সময় দিতে হবে।’