হরিরামপুর চেয়ারম্যানের ভাতিজাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ভাতিজা ঢাকার গাড়ি ব্যবসায়ী দেওয়ান রুবেলকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা৷ গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দাশকান্দি গ্রামে চেয়ারম্যানের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে৷
আওয়ামী লীগ-সমর্থক দেওয়ান সাইদুরের অভিযোগ, তাঁকে খুন করতে এসে ভুলক্রমে তাঁর ভাতিজাকে হত্যা করে সন্ত্রাসীরা৷ এর পেছনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিনের ইন্ধন রয়েছে৷ তবে মহিউদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন৷
এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার সকালে একটি অবৈধ পিস্তলসহ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁরা হলেন স্থানীয় সাবেক সাংসদ সামসুদ্দিন আহমেদের ছেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক শাহাবুদ্দীন, হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা জাফর হোসেন ও আবদুল কাদের৷
পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বছর বয়সী এক মেয়ের বাবা রুবেল ঢাকায় গাড়ির ব্যবসা করেন৷ থাকেন ধানমন্ডির একটি ফ্ল্যাটে৷ গত মঙ্গলবার দুপুরে রুবেল তাঁর চাচা উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের বাড়িতে আসেন৷ বাড়িতে সাইদুরের ভাই দেওয়ান বোরহান, খালাতো ভাই আসাদ হোসেন ও বাড়ির তত্ত্বাবধায়ক ফেলা মিয়া ছিলেন৷ সাইদুর বাড়ির পাশেই উপজেলা পরিষদের কোয়ার্টারে ছিলেন৷ রাত দেড়টার দিকে মুখোশ পরা ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী বাড়ির ভেতরে গিয়ে সাইদুরকে ডাকাডাকি করেন৷ এ সময় রুবেল বাড়ির মূল ফটক খুলে দিলে সন্ত্রাসীরা ভেতরে ঢুকে তঁাকেসহ বাড়িতে থাকা চারজনের হাত-পা বেঁধে ফেলে৷ সন্ত্রাসীরা তঁাদের কাছে থাকা চেয়ারম্যান সাইদুরের একটি ছবি বের করে আটক চারজনের চেহারার সঙ্গে মেলাতে থাকে৷ এর পর সন্ত্রাসীরা রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে৷ পরে তঁার লাইসেন্স করা একটি পিস্তল ও ২১ হাজার টাকা এবং বোরহানের কাছ থেকে ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা৷
ওই ঘটনার পর পুলিশ গতকাল সকালে হরিরামপুর উপজেলা সদর থেকে একটি অবৈধ পিস্তলসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক ছাত্র শাহাবুদ্দীনকে আটক করে৷ পরে পৃথক স্থান থেকে ছাত্রলীগের আরও তিনজনকে আটক করা হয়৷ ওই চারজনসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে হরিরামপুর থানায় হত্যা মামলা করেন সাইদুর৷
সাইদুর প্রথম আলোর কাছে অভিযোগ করেন, সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে আওয়ামী লীগের নেতা গোলাম মহিউদ্দিনের মতবিরোধ দেখা দেয়৷ হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে৷ অভিযোগ সত্ত্বেও মহিউদ্দিনকে আসামি না করা প্রসঙ্গে সাইদুর বলেন, ‘তাঁর নাম দিলে তো পুলিশ মামলাই নেবে না৷’
সাইদুরের অভিযোগ অস্বীকার করে গোলাম মহিউদ্দিন বলেন, ‘তাঁর সঙ্গে আমার কোনো বিরোধ নেই৷ হত্যাকাণ্ডের বিষয়ে আমি কিছু জানি না৷’
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বলেন, আটক চারজনসহ আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে৷ অবৈধ অস্ত্র পাওয়ায় শাহাবুদ্দীনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে৷