হরিরামপুরে ইভ টিজিংয়ের ঘটনা ধামাচাপার চেষ্টা!
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গত বৃহস্পতিবার এক স্কুলছাত্রী ইভ টিজিংয়ের শিকার হয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় ছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিলেও স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের হস্তক্ষেপে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ওই ছাত্রী বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর রিকশায় বাড়ি ফিরছিল। পথিমধ্যে স্থানীয় যাত্রাপুর গ্রামের মজনু চৌধুরীর ছেলে আবির চৌধুরী (৩৫) রিকশায় ওঠে বসে। এরপর আবির ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন। একপর্যায়ে ছাত্রী দৌড়ে পার্শ্ববর্তী এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।এরপর ওই ছাত্রীর অভিভাবক বিষয়টি হরিরামপুর থানাকে অবহিত করেন। পরে পুলিশ বখাটে আবিরের বাড়িতে যান। এ সময় ছেলেকে পালানোর সহায়তার অভিযোগে পুলিশ মজনু চৌধুরীকে থানায় নিয়ে আসেন।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান তাঁর লোকজন নিয়ে থানায় উপস্থিত হন। এ সময় থানায় মামলা করতে আসা ওই ছাত্রীর পরিবারের লোকজনকে মামলা না করার জন্য চাপ সৃষ্টি করেন উপজেলা চেয়ারম্যান। এরপর তিনি সমঝোতা করে দেওয়ার আশ্বাসে বখাটে আবিরের বাবা মজনু চৌধুরীকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান।ওই ছাত্রীর বড়ভাই লোকমান হোসেন জানান, ‘আমরা থানায় মামলা করতে গেলে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান মামলা করতে নিষেধ করেন। পরে বিষয়টি সালিস বৈঠকে নিষ্পত্তির আশ্বাসে আমরা ফিরে আসি।’ হরিরামপুর থানার ওসি শওকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইভ টিজিংয়ের শিকার ওই ছাত্রীর অভিভাবকেরা থানায় লিখিত অভিযোগ দিতে এসেছিলেন। কিন্তু উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান সালিসের আশ্বাস দেওয়ায় তাঁরা কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে অবশ্যই মামলা নেওয়া হবে।তবে ইভ টিজিংয়ের বিষয়টি অস্বীকার করে হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, ইভ টিজিংয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। মেয়েটি বাড়িতে যাওয়ার সময় আবির ওই রিকশায় ওঠে বসে। তারপরও এ ঘটনায় স্থানীয়ভাবে সালিস বৈঠকে বসা হবে।