হরিরামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাচাইন গ্রাম থেকে গত বৃহস্পতিবার বিকেলে পিংকি কর্মকার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পিংকির পরিবারের অভিযোগ, শারীরিক ও মানসিক নির্যাতন করে তাঁকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে। পুলিশ এবং পারিবারিক সূত্র জানায়, ছয় মাস আগে হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামের মদন কর্মকারের ছেলে সঞ্জয় কর্মকারের সঙ্গে একই উপজেলার যাত্রাপুর গ্রামের নিখিল কর্মকারের মেয়ে পিংকির বিয়ে হয়। সঞ্জয় ঢাকার ধানমন্ডির একটি গয়নার দোকানে চাকরি করতেন। ঢাকায় থাকলেও তিনি প্রায়ই বাড়িতে আসতেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সঞ্জয় বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। এর পর পিংকি শ্বশুরবাড়ির একটি ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বেলা তিনটার দিকে তাঁর স্বজনেরা থানায় আসেন। এর পর চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে পিংকির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পিংকির ভাই সাগর কর্মকার জানান, সঞ্জয় প্রায়ই নেশা করতেন। সম্প্রতি গ্রামের এক মেয়ের সঙ্গে সঞ্জয়ের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো এবং পিংকিকে সঞ্জয় মারধর করতেন। তিনি অভিযোগ করেন, মানসিক ও শারীরিক নির্যাতন করে তাঁর বোনকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য সঞ্জয়ের মুঠোফোনে একাধিকবার কল করে তা বন্ধ পাওয়া গেছে। তবে সঞ্জয়ের বাবা মদন কর্মকার পিংকির স্বজনদের জানিয়েছেন, তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, তা তাঁদের জানা নেই। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লিখিত অভিযোগ এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।